ইউরোর মানের সংকট কাটাতে সমঝোতা
ইউরোপীয় নেতারা অভিন্ন মুদ্রা ইউরোর মানের সংকট কাটানোর জন্য একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছেন। কয়েক মাস ধরে গ্রিস ও আয়ারল্যান্ডের তীব্র আর্থিক সংকটের জের ধরে ইউরোর মান বড় ধরনের সংকটের মুখে পড়ে। ইতালি, পর্তুগাল এবং স্পেনের অর্থনীতিতেও সমস্যা দেখা দেওয়ায় তা ইউরোর সংকটকে ক্রমেই ঘনীভূত করে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মধ্য ১৬টি দেশে ইউরো অভিন্ন মুদ্রা হিসেবে ব্যবহূত হয়। ইউরো অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের অর্থনীতির সংকটের ফলে একক ও শক্তিশালী মুদ্রা হিসেবে ইউরোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেয়।এই অবস্থায় ইউরোর মানের ক্রমাবনতি ঠেকাতে এবং আর্থিক সংকটগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার বিভিন্ন দিক নিয়ে বেশ কিছুদিন থেকেই বিতর্ক চলছিল। শেষ পর্যন্ত ব্রাসেলসে গত বৃহস্পতি ও শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ২৭টি দেশের নেতারা বৈঠক করে একটি আপৎকালীন তহবিল গঠন করার বিষয়ে একমত হয়েছেন। প্রস্তাবে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলোর আর্থিক সংকট মোকাবিলায় একটি দীর্ঘস্থায়ী সমাধানের কথা বলা হয়েছে। অবশ্য এই নতুন সিদ্ধান্তের ফলে আগের ইউরো মুদ্রাসংক্রান্ত লিসাবন চুক্তির কিছুটা পরিবর্তন আনা হবে। আর্থিক সংকট কাটাতে ইউরো অঞ্চলভুক্ত দেশগুলোর জন্য ৭৫ হাজার কোটি ইউরোর সংকট উদ্ধার তহবিল গঠন করা হবে। এর ফলে ইউরো জোটভুক্ত অথচ আর্থিক সংকটে রয়েছে, সেসব দেশ ২০১৩ সালের মধ্যই তাদের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। তবে এই উদ্ধার তহবিল থেকে ঋণের বিনিময়ে দেশগুলোকে নির্দিষ্ট হারে সুদ দিতে হবে। উল্লেখ্য, ইউরো অঞ্চলভুক্ত গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল ও স্পেন অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইউরোর মুদ্রামান কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল। আর তাই ইউরোপীয় নেতাদের মধ্যে নানা বিতর্ক চলার পরপরই তড়িঘড়ি করে তহবিল গঠনের এই সমঝোতা চুক্তিতে তাঁরা উপনীত হন।