চীনা মুদ্রা ইউয়ানের পুনর্মূল্যায়ন বা দর বৃদ্ধির জন্য আমেরিকা-ইউরোপের পক্ষ থেকে প্রচণ্ড চাপ তৈরি করা হলেও চীন বড় ধরনের পুনর্মূল্যায়নের দিকে যাবে না। কারণ, অল্প সময়ে বড় ধরনের দর বৃদ্ধি চীনা অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি করবে, যা আবার বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট তৈরি করবে।বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তিন দিনব্যাপী বৈঠকে যখন ঘুরে-ফিরে ইউয়ানের দর বৃদ্ধির বিষয়টি বারবার আলোচনায় উঠে আসছিল, ঠিক তখনই চীন সরকারের পক্ষ থেকে এই সতর্কতা উচ্চারণ করা হয়। আর এই সতর্কতাকে যুক্তিসংগত বলে সমর্থন দিয়েছেন বিশেষজ্ঞরা।গতকাল রোববার ওয়াশিংটনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ট্রাসকাহন। তিনি বলেন, মুদ্রার দরের বিষয়টি এবারের বৈঠকে প্রাধান্য বিস্তার করেছে। এ জন্যই বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা চলছে। ইউয়ানের কথা সরাসরি উল্লেখ না করে স্ট্রাসকাহন আরও বলেন, কিছু কিছু মুদ্রার দর পরিবর্তন ছাড়া বিশ্ব প্রবৃদ্ধির এই ভারসাম্যহীনতা দূর করা সম্ভব হবে না।তবে আইএমএফের পক্ষ থেকে শত চেষ্টা সত্ত্বেও ইউয়ান নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের বিরোধকে তেমন একটা প্রশমন করা সম্ভব হয়নি। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেনের পক্ষ থেকে জোরেশোরে ইউয়ানের দর বৃদ্ধির আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক দিন ধরেই অভিযোগ করা হচ্ছে, চীন প্রচুর পরিমাণে মার্কিন ডলার কিনে রেখে ইউয়ানের দরকে কৃত্রিমভাবে দুর্বল করে রাখছে। এর ফলে তাদের রপ্তানি প্রবৃদ্ধি জোরালো হচ্ছে।যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রীর সমতুল্য) টিমুথি গেইথনার ইউয়ানের নাম উল্লেখ না করে বলেন, যেসব দেশ রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে আছে, তাদের নীতি বদলাতে হবে। বিপরীতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ঝু জিয়াচুয়ান যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোকে পাল্টা আক্রমণ করে বলেন, তারাই মুদ্রা নিয়ে সমস্যা তৈরি করেছে। তিনি বলেন, ‘উন্নত দেশের স্বল্প সুদের হার উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।’চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবু গত সপ্তাহে ইউরোপীয় নেতাদের বলে দিয়েছেন, ইউয়ানের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দর বৃদ্ধির যে দাবি তোলা হচ্ছে, তা বাস্তবায়ন করতে গেলে চীনের বহু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। এতে বেকারত্ব বেড়ে সামাজিক অস্থিরতা তৈরি হবে। একাধিক বিশেষজ্ঞ বলছেন, চীনা প্রধানমন্ত্রীর এই বক্তব্য যৌক্তিক। তাঁরা এও বলছেন, খুব বড় ধরনের সমস্যার মধ্যে না থাকলে কোনো দেশের মুদ্রার এত বড় ধরনের পুনর্মূল্যায়ন বা দর বৃদ্ধি সর্বনাশ ছাড়া অন্য কিছু ডেকে আনবে না। তাদের মতে, ইউয়ানের হঠাৎ এ রকম পুনর্মূল্যায়ন শুধু চীনের নয়, গোটা বিশ্ব অর্থনীতিকেই সংকটের মুখে ফেলবে। কারণ চীনে সংকট দেখা দিলে তা থেকে কেউই নিরাপদ থাকবে না। সূত্র: ইকোনমিক টাইমস ও বিবিসি।