ইট উৎপাদনে ঋণ দিচ্ছে বিআইএফএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট উৎপাদনে এক অঙ্কের সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। গতকাল রোববার তাদের অর্থায়নে ইট উৎপাদনের পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সরকারি সংস্থা বিআইএফএফএল সুড়ঙ্গ চিমনি বা টানেল কিলন পদ্ধতিতে উৎপাদিত ইটের ক্ষেত্রে এ ঋণ দিচ্ছে। এসব ঋণের মেয়াদ আট বছর, সুদের হার প্রায় ৯ শতাংশ। সংস্থাটি দাবি করেছে, সাধারণ ইটভাটায় ইট উৎপাদন পরিবেশের ক্ষতি করে। এতে জ্বালানির ব্যবহার বেশি হয়।
রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে গতকাল শুরু হওয়া ‘গ্রিন ব্রিকস কনভেনশন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে বক্তারা পরিবেশবান্ধব ইট উৎপাদনকে শিল্প হিসেবে ঘোষণার তাগিদ দেন, যাতে এসব শিল্প ঋণসহ অন্যান্য সুবিধা পায়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তিনি সরকারি স্থাপনায় ‘হলো’ ইট (যেসব ইটের ভেতরে ফাঁকা) ব্যবহারের সিদ্ধান্ত দিয়েছিলেন। কিন্তু গণপূর্ত বিভাগ সে নির্দেশ মানেনি। তিনি ভূমির ওপরের অংশের মাটি রক্ষায় হলো ইটের ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, এ ইট উৎপাদনে কর সুবিধা দেওয়া আছে।
সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক এ আতিক রহমান পরিবেশ সুরক্ষায় উন্নত প্রযুক্তির ইট উৎপাদনের তাগিদ দিয়ে বলেন, দেশে ইটের চাহিদা বাড়ছে। আধুনিক প্রযুক্তির ইট উৎপাদন করলে জ্বালানি খরচ কমবে, পরিবেশ রক্ষা পাবে। তিনি বলেন, সাধারণ পদ্ধতিতে প্রতি এক লাখ ইট উৎপাদনে যেখানে ১৮ থেকে ২২ টন কয়লার প্রয়োজন হয়, সেখানে উন্নত প্রযুক্তিতে ইট উৎপাদনে লাগে ১২ থেকে ১৮ টন কয়লা।
অনুষ্ঠানে জানানো হয়, ইট উৎপাদনে এখন সাধারণ চিমনি, জিগজ্যাগ কিলন, হাইব্রিড হফম্যান কিলন ও টানেল কিলন পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে উন্নত টানেল কিলন পদ্ধতি। এ পদ্ধতিতে ইটের শক্তি হয় সাধারণ পদ্ধতিতে উৎপাদিত ইটের প্রায় তিন গুণ। এ পদ্ধতিতে ইট উৎপাদনে ভূমির উপরিভাগের মাটি ব্যবহারের প্রয়োজন হয় না। আর উৎপাদিত ইটের ৯৫ শতাংশ হয় সেরা মানের।
অনুষ্ঠানে পাঠানো লিখিত বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, পরিবেশবান্ধব ইট উৎপাদনকে শিল্প হিসেবে ঘোষণা করার কাজ চলছে।
বিআইএফএফএলের নির্বাহী পরিচালক এস এম ফরমানুল ইসলাম বলেন, তাঁরা দীর্ঘ মেয়াদে ঋণ দিতে পারেন, যা বাণিজ্যিক ব্যাংক পারে না।
অনুষ্ঠানে অর্থসচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ দেশীয় পরিচালক কাজুহিকো হিগুচি বক্তব্য দেন।