এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা তহবিল (ইটিএফ) গঠনের নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য কমিশন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
সংস্থাটির পক্ষ থেকে এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেন, কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি জানান, বিএসইসির নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়েছে। এর অন্য দুই সদস্য হলেন সংস্থার পরিচালক শফিউল আজম ও উপপরিচালক লুৎফুল কবীর। কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএসইসির কমিশনার হেলালউদ্দিন নিজামী।
কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে এ সংক্রান্ত চূড়ান্ত নীতিমালা তৈরি করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরই মধ্যে এ ধরনের একটি তহবিল গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। কিন্তু নীতিমালার অভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা। সে জন্য প্রথম পদক্ষেপ হিসেবে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও (ইটিএফ) একধরনের কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম বা সমন্বিত বিনিয়োগ প্রকল্প বা মিউচুয়াল ফান্ড। এটি মেয়াদি বা বে-মেয়াদি উভয় ধরনেরই হতে পারে। তবে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে এবং এর লেনদেন হবে। চাহিদার ভিত্তিতে এটির আকার বাড়ানোর সুযোগ যেমন থাকবে, তেমনি এটি অবলোপনের ব্যবস্থাও থাকবে। তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির বিনিয়োগের সুযোগ রয়েছে এ ধরনের তহবিলে। কোথাও কোথাও এটির বিনিয়োগকে নির্দিষ্ট সূচক বা ইনডেক্সভিত্তিক করা হয়। তবে বাংলাদেশে এই ধরনের তহবিল কীভাবে গঠিত বা পরিচালিত হবে তা নির্ভর করবে কোন ধরনের বিধান বা নীতিমালা তৈরি করা হবে তার ওপর।