ইডরাকে কমিশনের হার ঠিক করে দিতে বলেছে বিআইএ
সাধারণ বিমা কোম্পানিগুলোর (নন-লাইফ) কমিশনের হার দ্রুত নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। গতকাল সোমবার বিআইএর কার্যনির্বাহী কমিটির এক সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিমাশিল্পের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) কাছে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বিমা আইন, ২০১০ এর ৫৯(৩) ধারা অনুযায়ী এজেন্সি কমিশনের হার নির্ধারণ করে দেবে ইডরা। কিন্তু সংস্থাটি তা করে দেয়নি। বারবার দাবি জানানো হলেও এই হার নির্ধারণ না করায় বিমাশিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। পাশাপাশি কবির হোসেন এ-ও বলেন, ইডরা গঠিত হওয়ার পর বিমাশিল্পের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, যার সুফল বিমাসংশ্লিষ্টরা ভোগ করছেন। বিআইএর চেয়ারম্যান আরও জানান, ১৯৩৮ সালে বিমা আইন অনুসারে এত দিন ১৫ ও ১০ শতাংশ হারে এজেন্সি কমিশন দেওয়া হতো। কিন্তু ২০১০ সালে নতুন করে বিমা আইন তৈরি হওয়ায় আগের আইনটি বাতিল হয়ে যায়। এর পরও বিমা কোম্পানিগুলো প্রচলিত হারে এজেন্সি কমিশন পরিশোধ করে আসছিল। কিন্তু গত ১৫ জানুয়ারি ইডরা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এজেন্সি কমিশন পরিশোধের ব্যাপারে কিছু নিয়মকানুন বেঁধে দিলেও হার নির্ধারণ করে দেয়নি। সংবাদ সম্মেলনে গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইনস্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রিপাবলিক ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায় প্রমুখ উপস্থিত ছিলেন।