ইডিএফ ও পুনঃ অর্থায়নে ঋণ ১৭ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ও পুনঃ অর্থায়নে ১৬ হাজার ৮৩৫ কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সবচেয়ে বেশি ঋণ গেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে। এরপরই বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ গেছে ২ হাজার ৭৫৮ কোটি টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ১ হাজার ২৮৭ কোটি টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ঋণ গেছে ১ হাজার ১৮১ কোটি টাকা।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘কম সুদ হওয়ায় পোশাক রপ্তানিকারকদের লক্ষ্য এখন ইডিএফ থেকে ঋণ পাওয়া। আমরাও সাধ্যমতো ব্যবসায়ীদের সহায়তা করে যাচ্ছি।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১৯৮৯ সালে রপ্তানিকারকদের জন্য ৩ কোটি ১২ লাখ ডলারের তহবিল নিয়ে ইডিএফ যাত্রা করে। বর্তমানে সেই ফান্ড ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। পোশাক খাতের ব্যবসায়ীরা ইডিএফ থেকে সর্বোচ্চ দুই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পান। ইডিএফের বেশির ভাগ ঋণ পোশাকমালিকেরা পেয়ে থাকেন। ২০১৩ সালে ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ ব্যাংক ইডিএফের সুদহার ১ শতাংশ কমিয়ে দেয়। এতে করে ছয় মাসভিত্তিক মার্কিন ডলারের রপ্তানি উন্নয়ন তহবিল থেকে লাইবর (লন্ডন আন্তব্যাংক সুদহার) + ১.৫০ শতাংশ হারে ঋণ পাচ্ছেন গ্রহীতারা।
এদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে এসএমই, গ্রিন ব্যাংকিংসহ কয়েকটি খাতে পুনঃ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে। গ্রাহকেরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর মাধ্যমে পুনঃ অর্থায়ন সুবিধা দেয়। এ ক্ষেত্রে সুদের হার হয় ১০ শতাংশের কম।
জানা গেছে, ইডিএফ ও পুনঃ অর্থায়ন তহবিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঋণ গেছে ১৬ হাজার ৮৩৫ কোটি টাকা। জনতা ব্যাংকের মাধ্যমে ঋণ গেছে ৮৮৩ কোটি টাকা, ব্যাংক এশিয়ার ৫৮৫ কোটি টাকা, দ্য সিটি ব্যাংকের ৫৩৩ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের ৯৬৭ কোটি টাকা, ঢাকা ব্যাংকের ৭৭৮ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ৮৯০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ৫৪৭ কোটি টাকা এবং সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে ঋণ গেছে ৭৪২ কোটি টাকা। এ ছাড়া হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) মাধ্যমে ৭৮৬ কোটি টাকা ও স্টান্ডার্ড চার্টার্ডের মাধ্যমে ঋণ গেছে ৫২৯ কোটি টাকা।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘পোশাক খাতের রপ্তানিকারকেরা আমাদের ব্যাংকের মাধ্যমে ইডিএফ থেকে কম সুদে ঋণ নিচ্ছেন। এর ফলে পোশাক খাতের ব্যবসায়ীদের খরচ কমে আসছে। আমরাও ঋণ পেতে ব্যবসায়ীদের সহায়তা করে যাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে ইডিএফের আওতা বাড়ানো হয়েছে। এতে পোশাক রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ী তথা বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সংগঠনের সদস্য ছাড়াও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্লাস্টিক পণ্য প্রস্তুতকারীরা ইডিএফ থেকে ঋণসুবিধা পাচ্ছেন। এ ছাড়া রপ্তানিপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন তুলা, সুতা, শিল্পের কাঁচামাল আমদানিতেও রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণসুবিধা পাওয়া যাচ্ছে।