ইতালিতে পণ্য রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়াবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দু-তিন বছরের মধ্যে ইতালিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সফররত ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সেন বেনিদিত্তো ডেল ভেডোভার নেতৃত্বাধীন চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি এমন আশাবাদের কথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী ও শওকত আলী ওয়ারেছী এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, ইতালিতে বাংলাদেশি পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কও ভালো। ইতালির অনেক যন্ত্রপাতি বাংলাদেশের কলকারখানায় ব্যবহার করা হয়। বাংলাদেশি পণ্য জনপ্রিয় করে তুলতে ইতালির বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ নিয়ে থাকে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০১২-১৩ অর্থবছরে ইতালিতে ১০৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ইতালিতে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২৩ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৩০ লাখ ডলার। আর ওই দুই বছরে ইতালি থেকে বাংলাদেশে পণ্য আমদানি হয়েছে যথাক্রমে ২৫ কোটি ডলার ও ২৮ কোটি ৭৬ লাখ ডলারের।
তোফায়েল আহমেদ বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ হওয়ার পরও যাতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) চলতি সুযোগ-সুবিধা পাওয়া যায়, সে বিষয়ে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশের অগ্রগতি প্রতিহত করার চেষ্টা চলছে। এ অরাজকতা দেশের মানুষ সমর্থন করে না। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসার কথা ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।