ইতিবাচক ধারায় পুঁজিবাজার
আজ বুধবার লেনদেনের শুরুতে সূচক অস্থির থাকলেও শেষ পর্যন্ত ইতিবাচক ধারা ফিরে আসে দেশের পুঁজিবাজারে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ১১৩ পয়েন্ট বাড়ে। সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে দরপতন ঠেকাতে আজও ডিএসইর তদারকি দল বাজারে সক্রিয় ছিল বলে ডিএসই সূত্রে জানা গেছে। দলটি বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে দরপতন ঠেকাতে সক্রিয় থাকে। ফলে শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও পরে ঊর্ধ্বমুখী হয় বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৩ পয়েন্ট বেড়ে ৫২৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ২৫ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিটের মাথায় সূচক বাড়ে ১৭ পয়েন্ট। এরপর আবারও নিম্নমুখী হয় সূচক। বেলা সাড়ে ১১টার দিকে সূচক কমে যায় ১৬ পয়েন্ট। এর পর থেকে সূচক বাড়তে শুরু করে, যা সারা দিনই অব্যাহত থাকে।আজ ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪০টিরই দাম বেড়েছে। কমেছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১৯ কেটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৪ কোটি টাকা বেশি।লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ফু ওয়াং সিরামিক, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বিএসসি, আফতাব অটো, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার ও এনবিএল।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩১৭ পয়েন্ট বেড়ে ১৫০০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।