ইতিবাচক ধারায় পোশাক ও চামড়া খাতের রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট মাসের রপ্তানি আয় (জুলাই-ফেব্রুয়ারি; কোটি ডলারে)
আট মাসের রপ্তানি আয় (জুলাই-ফেব্রুয়ারি; কোটি ডলারে)

পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে সুখবর নেই, লক্ষ্যমাত্রা কিংবা প্রবৃদ্ধি কোনোটাই অর্জিত হচ্ছে না। তবে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত, হিমায়িত খাদ্যপণ্য রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত আছে। ফলে সামগ্রিক রপ্তানির চিত্রও সন্তোষজনক, প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৯৬ শতাংশ।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশের মোট পণ্য রপ্তানি আয় হয়েছে এক হাজার ৯৮২ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে তৈরি পোশাক (নিট ও ওভেন) খাত থেকে এসেছে এক হাজার ৪১৭ কোটি ডলার। পোশাকশিল্পের এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ১৩ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৭১ শতাংশ বেশি।
এ ছাড়া হিমায়িত খাদ্যে ৪৫ কোটি, চামড়ায় ৩৩ কোটি ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ডলার আয় হয়েছে। তিনটি পণ্যের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে পাট ও পাটজাত পণ্যে উল্টো চিত্র। আলোচ্য সময়ে খাতটি থেকে ৫৩ কোটি ডলার রপ্তানি হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৭১ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গতকাল সোমবার প্রকাশিত রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। এ থেকে দেখা যায়, মোট রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ১৭ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৩ দশমিক ৯৬ শতাংশ বেশি। এ ছাড়া শুধু ফেব্রুয়ারিতে ২৩৮ কোটি ৯৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। জানুয়ারিতে ছিল ২৭৫ কোটি ডলার।
পোশাক খাত: ইপিবির তথ্যানুযায়ী, মোট রপ্তানির ৮১ দশমিক ৩৮ শতাংশ এসেছে পোশাক খাত থেকে। এই শিল্প খাতের অর্জিত এক হাজার ৬১৩ কোটি ডলারের রপ্তানি আয়ের মধ্যে ওভেন পোশাক থেকে ৮২২ কোটি ও নিট পোশাক খাত থেকে ৭৯১ কোটি ডলার। অবশ্য এই আয় সার্বিক রপ্তানি আয়ের মধ্যেও প্রথম ও দ্বিতীয় অবস্থানে।
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা তাজরীনের অগ্নিকাণ্ড, রানা প্লাজা ধস ও রাজনৈতিক অস্থিরতায় পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথা জানান বিভিন্ন সময়।
অবশ্য বিজিএমইএর এক সাবেক সভাপতি গতকাল প্রথম আলোকে বলেন, মাসওয়ারি হিসাব করলে রপ্তানি কিছুটা কমেছে। তবে এ জন্য অতিরিক্ত শঙ্কার কিছু নেই। ক্রেতাদের জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানা পরিদর্শন সঠিকভাবে শেষ করা গেলে রপ্তানি আরও বাড়বে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৫৩ কোটি ৪৭ লাখ ডলার আয় হয়। যা ৭৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ শতাংশ কম। একই সঙ্গে গত অর্থবছরের ৬৭ কোটি ডলারের চেয়ে ২০ শতাংশ কম। এই খাতের রপ্তানি আয়ের মধ্যে কাঁচাপাট, পাটের সুতা এবং পাটের বস্তা ও ব্যাগ রপ্তানিতে যথাক্রমে আট কোটি, ৩৪ কোটি ও সাত কোটি ডলার। এ ছাড়া পাটের অন্যান্য পণ্যসামগ্রী রপ্তানিতে আয় হয় তিন কোটি টাকা।