ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার
টানা দরপতনের পর ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে দিশেহারা লাখো বিনিয়োগকারীর আহ্বানে সাড়া দিয়ে গত মঙ্গল ও বুধবার সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এতে মঙ্গলবার বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়।এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, বাজার সংশোধনের মূল কারণ হলো তারল্য-সংকট। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। বাজারে স্থিতিশীলতা এলে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, ইদানীং দেখা যাচ্ছে বাজার একটু ভালো হলে বিনিয়োগকারীরা বিক্রির জন্য ব্যস্ত হয়ে পড়েন। এতে বাজারে বিরূপ প্রভাব পড়ে। তাঁর মতে, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত বাজারে কিছুটা হলেও প্রভাব ফেলছে। তবে এই বিষয়টি বেশ কিছুদিন ধরে অব্যাহত থাকা দরকার। তাহলে বাজার ভালো থাকবে। বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে আস্থার সঞ্চার হবে।সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে বেশির ভাগ শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। সুতরাং, এ মুহূর্তে কোম্পানির ফান্ডামেন্টালের ওপর খেয়াল রেখে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতিও সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ জরুরি ছিল। তবে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ডিএসই, এসইসিসহ সরকারের বিভিন্ন মহলে বেশ সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। সুতরাং, এ মুহূর্তে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সমন্বয়টা জরুরি। প্রত্যেকের উচিত একটা সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালন করা। এতে বাজারে স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান । তাঁর মতে, অব্যাহত দরপতন ঠেকাতে অর্থমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, তা বাজারের জন্য খুবই ইতিবাচক। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানিয়ে শাকিল রিজভী বলেন, বিনিয়োগের এখনই সময়। কেননা, এ মুহূর্তে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম নিচে নেমে এসেছে। তাই এখন শেয়ার কিনলে ক্ষতির আশঙ্কা কম। এ ছাড়া বর্তমানে বাজারের মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও অনেকটা বাজার সহায়ক। তিনি বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন করে বাজারে প্রবেশেরও আহ্বান জানান।শাকিল রিজভী আরও জানান, অব্যাহত দরপতনে ভালো মৌলভিত্তির শেয়ারের দাম কমার পেছনে কোনো কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রসঙ্গত, সরকার মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংককে শেয়ার কেনার নির্দেশ দেয়। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ২০০ কোটি টাকার তহবিল জোগান দেয়। এ ছাড়া পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে আগামী রোববার থেকে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে শেয়ারবাজারে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন দেওয়া ১১টি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশের বিনিয়োগের মাধ্যমে এই টাকা জোগান দেওয়া হবে।এ দিকে সরকারের পদক্ষেপে অব্যাহত দরপতনের পর মঙ্গলবার বাজারে চাঙাভাব থাকায় পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে। বিনিয়োগকারীদেরকে রাজপথে বিক্ষোভ ছেড়ে ওই দিন ব্রোকারেজ হাউসগুলোতে সক্রিয় হতে দেখা গেছে। তবে এই ধারা কত দিন স্থায়ী হবে তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে। বিনিয়োগকারীরা বাজারে স্থিতিশীলতা চান । অনেক বিনিয়োগকারী জানান, তাঁরা বিক্ষোভ করতে চান না। তাঁরা চান একটি স্থিতিশীল বাজার। সুতরাং, সরকারের উচিত শেয়ারবাজার নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া।এক বিনিয়োগকারী বলেন, ‘পুঁজিবাজারের সবচেয়ে বড় সম্পদ হলো আস্থা।’ তাই বাজারের ওপর বিনিয়োগকারীদের পুরোপুরি আস্থা ফিরিয়ে আনতে আরও কিছুদিন সরকারকে সক্রিয় থাকতে হবে।নাম প্রকাশ না করার শর্তে আরেক বিনিয়োগকারী বলেন, কয়েকদিন আগে সরকারের নীতি-নির্ধারণী মহলের এক ব্যক্তির মন্তব্য বাজারে বিরূপ প্রভাব ফেলে। বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের ঊর্ধ্বতন মহলকে আরও সংযত হওয়া প্রয়োজন।