ইতিবাচক প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সিএসইতে অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে সূচক বেড়েছে ১৩ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৯১ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচকের ওঠানামায় লেনদেন চললেও কিছুক্ষণের মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, বিএসসি, ফ্যামিলি টেক্স, বিএসসিসিএল, অ্যামারেল্ড অয়েল, অ্যাটলাস বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ৩০ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৪৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টিরই দাম কমেছে, বেড়েছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকালের মতো আজও সিএসইতে ২৬ কোটি টাকা লেনদেন হয়েছে।