ইতিবাচক প্রবণতা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬০৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববারের চেয়ে ৩২৩ কোটি টাকা বেশি। রোববার এ বাজারে ২২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। কারিগরি ত্রুটির কারণে ওই দিন দুই ঘণ্টা লেনদেন চলে ডিএসইতে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। আজ এ প্রতিষ্ঠানের ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, বিএসসি, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২০২ পয়েন্টে।
সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। রোববার এই বাজারে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।