ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে
২০১৪ সালের প্রথম দিন আজ বুধবার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। সেই সঙ্গে লেনদেনেও বাড়তি প্রবণতা লক্ষ করা গেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ১৯ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৮৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিটে সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও দিন শেষে বাড়তি প্রবণতায় থাকে সূচক।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সোমবারের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৩৮২ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৬২ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে। কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল লংকাবাংলা ফিন্যান্স। আজ এই প্রতিষ্ঠানের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গোল্ডেন সন, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, অ্যাপোলো ইস্পাত, ফ্যামিলি টেক্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।