ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেনও বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৭৭ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৪৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৩টিরই দাম বেড়েছে। কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক বেড়েছে ২১৪ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৩৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম বেড়েছে। কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩২ কোটি টাকা লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া বিএসসিসিএল, প্রাইম ব্যাংক, গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, জেনারেশন নেক্সট ফ্যাশন, এএফসি অ্যাগ্রো বায়োটেক, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।