ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৬২ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টির দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যামারেল্ড অয়েল, ইউসিবিএল, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, এসিআই, সেন্ট্রাল ফার্মা প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ১৬৩ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫১ পয়েন্টে।

সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।