ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। গত বৃহস্পতিবারও ইতিবাচক ধারায় ছিল সূচক।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৬৩ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক বেড়েছিল ৫ পয়েন্ট।

এই সময়ে ডিএসইতে ২৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭টির দাম বেড়েছে। কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ১৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল, বিএসসি, এসিআই, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।