মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূত করার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন। প্রস্তাবিত এই একীভূতকরণের (মার্জার) বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে মালয়েশিয়া সরকারের পক্ষে চিঠিতে বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে হাইকমিশন।
বাংলাদেশের মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ। আর আজিয়াটার সিংহভাগ শেয়ারের মালিক মালয়েশিয়া সরকার। বাংলাদেশসহ এশিয়ার সাতটি দেশের টেলিযোগাযোগ খাতে বর্তমানে বিনিয়োগ আছে আজিয়াটা গ্রুপ বারহাদের।
মালয়েশিয়া দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ বর্তমানে বাংলাদেশের শীর্ষ মালয়েশীয় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আজিয়াটার ধারাবাহিক বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বাজার প্রতিযোগিতা অনেকটা একমুখী বা শীর্ষ অপারেটরমুখী। এর ফলে উল্লেখযোগ্য বিনিয়োগ করেও রবি ও এয়ারটেলের মতো কোম্পানির এককভাবে বাজারে লাভজনকভাবে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।
একীভূত হওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চিঠিতে বলা হয়েছে, আজিয়াটা গ্রুপ বারহাদ ও এয়ারটেল বাংলাদেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল বিশ্বাস করে, একীভূত হলে দুই কোম্পানির ইকোনমিজ অব স্কেল বা উৎপাদন খরচ কমে আসবে। এর ফলে গ্রাহকেরা যেমন উন্নত সেবা পাবেন, একইভাবে টেলিযোগাযোগ খাতও উপকৃত হবে। মালয়েশিয়ার হাইকমিশন বিষয়টির প্রতি তাই পূর্ণ অনুমোদন ও সমর্থন দিচ্ছে।
মালয়েশিয়া ও বাংলাদেশের চমৎকার কূটনৈতিক সম্পর্কের বিষয়টি চিঠিতে উল্লেখ করে বলা হয়েছে, প্রস্তাবিত এই একীভূতকরণ বাংলাদেশে মালয়েশিয়ার নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতেও একীভূতকরণের এই প্রক্রিয়া সহায়ক হবে। সব দিক বিবেচনা করে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে অনুরোধ করে চিঠিতে বলা হয়েছে, এর ফলে বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীরা আরও উৎসাহিত হবেন। সার্বিকভাবে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য ইতিবাচক হবে এ সিদ্ধান্ত।
রবি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডোকামোর যৌথ উদ্যোগ। এখানে আজিয়াটার শেয়ারের পরিমাণ ৯২ শতাংশ আর এনটিটি ডোকোমোর শেয়ারের পরিমাণ ৮ শতাংশ। ১৯৯৭ সালে একটেল নামে বাংলাদেশে যাত্রা শুরু করে রবি। বাংলাদেশের শিল্প গোষ্ঠী একে খান গ্রুপ ও টেলিকম মালয়েশিয়ার যৌথ অংশীদারি কোম্পানি ছিল একটেল। ২০০৯ সালে একে খান গ্রুপ ও টেলিকম মালয়েশিয়া আজিয়াটার কাছে রবির মালিকানা বিক্রি করে দেয়। ২০১০ সালের ২৮ মার্চ ‘রবি’ নামে ব্যবসা শুরু করে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার জন্য গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির মাধ্যমে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি ও এয়ারটেল। গ্রাহকসংখ্যার দিক থেকে বর্তমানে তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা রবি ও এয়ারটেল এক হলে গ্রামীণফোনের পরে এটিই হবে দেশের দ্বিতীয় বৃহৎ অপারেটর। গ্রাহকসংখ্যার হিসাবে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক।
একীভূত হওয়ার আবেদন জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে রবি-এয়ারটেল। বিটিআরসি সেই আবেদনে প্রাথমিক সম্মতি দিলেও এখন আবেদনটির বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করছে। এরই অংশ হিসেবে একীভূত হওয়ার আর্থসামাজিক ও কারিগরি বিষয়-সংক্রান্ত দুটি প্রতিবেদন, এ বিষয়ে হওয়া গণশুনানি ও অন্যান্য মোবাইল অপারেটরের মতামত—সব প্রতিবেদনকে এক করে একটি চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন তৈরির কাজ করছে বিটিআরসি। এই মূল্যায়ন প্রতিবেদনের কাজ ২৩ মার্চের মধ্যে বিটিআরসিকে শেষ করতে সময় বেঁধে দিয়েছেন আদালত।
জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত সব তথ্য-উপাত্ত, গবেষণা ও মতামত বিশ্লেষণ করে মনে হচ্ছে রবি-এয়ারটেলের একীভূতকরণ প্রক্রিয়া ইতিবাচক দিকেই এগোচ্ছে।’