ইথিওপিয়ায় বাংলাদেশের কারখানা চালু সেপ্টেম্বরে
আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বাংলাদেশের দুলাল ব্রাদার্স লিমিটেড বা ডিবিএল গ্রুপের তৈরি পোশাক কারখানা ভবনের নির্মাণকাজ ৪০ শতাংশ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বরে কারখানাটিতে উৎপাদন শুরু হতে পারে। এখান থেকেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে পোশাক রপ্তানি হবে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার পাশের শহর মেকেলেতে ৭৫ হেক্টর জমির ওপর গড়ে উঠছে ডিবিএলের কারখানা। প্রি-ফেব্রিকেটেড বা ইস্পাতের কাঠামোর কারখানা ভবনের নির্মাণকাজ গত ডিসেম্বর-জানুয়ারিতে শেষ এবং আগামী এপ্রিল মাসে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। তবে পুরো নির্মাণপ্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে।
জানতে চাইলে ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘ইথিওপিয়ায় টানা বৃষ্টির কারণে কারখানার নির্মাণকাজ বন্ধ ছিল। সে জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি। আশা করছি, সেপ্টেম্বরে উৎপাদন শুরু করা যাবে।’
ইথিওপিয়ার কারখানায় সব মিলিয়ে ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। উৎপাদন শুরুর পর দ্বিতীয় বছরে কারখানাটি থেকে ৩ কোটি মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকার পোশাক রপ্তানির সম্ভাবনা আছে। তারপরের বছর পোশাক রপ্তানি দাঁড়াবে ৪ কোটি ডলার।
এ বিষয়ে এম এ রহিম বলেন, উৎপাদন শুরুর দিকে কারখানার বিভিন্ন বিভাগ পরিচালনার জন্য বাংলাদেশ থেকে কিছু দক্ষ কর্মকর্তাকে ইথিওপিয়ায় নেওয়া হবে। তাঁরা স্থানীয়ভাবে নিয়োগকৃতদের দক্ষ করে তুলবেন। সব মিলিয়ে মাস ছয়েক পর বাংলাদেশি কর্মকর্তাদের ফিরিয়ে আনা হবে।
সুইডেনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম ডিবিএলকে প্রথমে ইথিওপিয়া নিয়ে যায়। দেশটির সরকার প্রায় বিনা পয়সায় জমি দিচ্ছে। সেখানে বাংলাদেশের চেয়ে কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। এমনকি বাংলাদেশের চেয়েও অর্ধেক বেতনে কারিগরি লোকজন মেলে। ইথিওপিয়া থেকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানির সুবিধা পাওয়া যাবে।’
এসব তথ্য দিয়ে এম এ রহিম বলেন, ‘বিভিন্ন ব্র্যান্ড ক্রয়াদেশ দেওয়ার বিষয়ে বর্তমানে কারখানাটির খোঁজখবর নিচ্ছে। আশা করছি ভালো সাড়া মিলবে।’ তিনি আরও বলেন, ‘ইথিওপিয়ার কারখানা থেকে অর্জিত মুনাফার একটি অংশ দেশে আসবে। আরেকটি অংশ সেখানেই পুনর্বিনিয়োগ করা হবে। নিট কারখানার প্রকল্প সফল হলে পরবর্তী সময়ে সেখানে সুতা ও বস্ত্রকল করার ইচ্ছা আছে।’
ডিবিএল জানায়, ইথিওপিয়ায় পোশাক কারখানা স্থাপনের জন্য রপ্তানি প্রত্যাবাসন কোটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ৯৫ লাখ ডলার সেখানে নেওয়ার অনুমতি পেয়েছে তারা। নির্মাণকাজের জন্য গত বছর ৩০ লাখ ডলার ছাড় করিয়ে ইথিওপিয়ায় নিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিনিয়োগের বাকি অর্থ বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক বস্ত্র ও পোশাক খাতের অনলাইন পত্রিকা জাস্ট-স্টাইল জানায়, ইথিওপিয়ায় পোশাকসহ অন্য শিল্পকারখানা স্থাপনে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে দেশটির সরকার। দেশটির রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণে হুওয়াসা শহরে বস্ত্র ও পোশাকশিল্পের জন্য একটি শিল্পপার্ক সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় ৩০০ হেক্টর জমির ওপর ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই শিল্পপার্কে ৩৭টি পোশাক কারখানা হবে।
ইথিওপিয়া থেকে ইতিমধ্যে এইচঅ্যান্ডএম, অ্যাসস, আসদার জেরোজি, প্রাইমার্ক, টেসকোর মতো পোশাকের বড় ক্রেতারা পণ্য আমদানি করে। তবে ব্যবস্থাপনা ও কারিগরি লোকের অভাব, বিদ্যুৎবিভ্রাট, দক্ষ লোকের অভাব ও বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা হওয়ার অজুহাতে প্রত্যাশা অনুযায়ী দেশটি থেকে পোশাক রপ্তানি এত দিন বৃদ্ধি পায়নি। বিশ্বব্যাংকের সহায়তায় ২০১৪ সালে ইথিওপিয়া সরকার পাঁচ বছরের মধ্যে সাতটি শিল্পপার্ক নির্মাণের পরিকল্পনা করে। তাদের লক্ষ্যমাত্রা, ১০ বছরের মধ্যে ২০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা।