ইনানীতে চালু হচ্ছে নতুন পাঁচ তারকা হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটনশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র কক্সবাজারের ইনানীতে চালু হতে যাচ্ছে নতুন একটি পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট। নতুন এ চেইন রিসোর্ট হোটেলটির নাম ‘রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট’। চলতি বছরের মে মাসের মধ্যে এটি উদ্বোধন করা হবে।
বাংলাদেশের রিসোর্ট হোটেলটির যাত্রা শুরু উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সালে শুরু হওয়া রিসোর্টটির নির্মাণকাজ এখন শেষের পথে, আগামী মে মাসের মধ্যে এর উদ্বোধন করা হবে। এতে মোট বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকা।
রিসোর্টটি ইন্টারভেল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে বিশ্বের ৭৫টি দেশে আড়াই হাজারের বেশি রিসোর্টে বিনা মূল্যে ছুটি কাটানোর সুযোগ পাওয়া যাবে। তবে এ জন্য বেঙ্গল ভ্যাকেশন ক্লাব নামে একটি প্রতিষ্ঠানের সদস্য হতে হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইনানীতে প্রায় ১৪ একর এলাকায় এ রিসোর্টটি বহুজাতিক হোটেল ব্যবস্থাপনা কোম্পানি লভির হোটেল দ্বারা পরিচালিত হবে। এতে বিভিন্ন আকারের মোট ৪৯৩টি কক্ষ, স্যুট ও সার্ভিস অ্যাপার্টমেন্ট আছে। এ ছাড়া থাকছে সাতটি রেস্তোরাঁ, দুটি সুইমিং পুল, স্পা, ওয়াটার পার্ক, ইনফিনিটি পুলের মতো আধুনিক সুবিধা। এ ছাড়া সমুদ্রের পাশে খোলা আকাশের নিচে এমফি থিয়েটারে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিসোর্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, গোল্ডেন টিউলিপ সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ভিমাল সিং প্রমুখ। রিসোর্টটি নির্মাণে অর্থায়ন করছে প্রাইম ব্যাংকের নেতৃত্বে মোট ১০টি বাণিজ্যিক ব্যাংক।