ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বনকেসহ (বাঁ থেকে তৃতীয়) অন্যরা
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা অ্যালান বনকেসহ (বাঁ থেকে তৃতীয়) অন্যরা

মুঠোফোনের বিভিন্ন ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে দেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য প্রতিষ্ঠানটি ইন্টারনেট সেবা সাতটি প্যাকেজে পুনর্বিন্যাস করেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ১ গিগাবাইট (জিবি) ইন্টারনেট প্যাকেজের দাম ৩০০ থেকে কমিয়ে ২৭৫ টাকা করা হয়েছে, যার মেয়াদ ২৮ দিন। ২ জিবি ইন্টারনেট প্যাকেজের দাম ৪০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা ও ৭৫ মেগাবাইট (এমবি) প্যাকেজের দাম ৫০ থেকে কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।
এ প্যাকেজ দুটির মেয়াদ যথাক্রমে ২৮ ও ৭ দিন। গ্রামীণফোনের প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) অ্যালান বনকে প্যাকেজগুলো চালু করেন।
চালু হওয়া সাতটি প্যাকেজের আকার ৪ এমবি থেকে ২০ জিবি পর্যন্ত। ৪ এমবি প্যাকেজের দাম ২ টাকা, মেয়াদ ২ দিন। গ্রামের কৃষকের মতো ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এ প্যাকেজটি আনা হয়েছে।
অন্য প্যাকেজগুলোর মধ্যে আছে ২৫০ এমবির দাম ৯৯ টাকা, হেভি ব্রাউজিং প্যাকের দাম ৯৫০ টাকা ও ২০ জিবি প্যাকের দাম ২০০০ টাকা। ২০ জিবি প্যাকেজের মেয়াদ ৩০ দিন ও বাকি দুটি প্যাকেজের মেয়াদ ২৮ দিন।
প্যাকেজ চালু করতে গ্রাহকদের *৫০০০# ডায়াল করতে হবে অথবা নির্দিষ্ট কোড লিখে খুদে বার্তা পাঠাতে হবে ৫০০০ নম্বরে।
এই প্যাকেজগুলো থ্রিজি ও টুজি উভয় এলাকায় প্রযোজ্য হবে। থ্রিজি এলাকায় ২০ জিবি ছাড়া অন্য প্যাকেজগুলোর গতি হবে ১ এমবিপিএস ও ২০ জিবি প্যাকেজের গতি হবে ২ এমবিপিএস। তবে থ্রিজি এলাকার বাইরে সব প্যাকেজের জন্য টুজি গতি প্রযোজ্য হবে।
অ্যালন বনকে বলেন, ‘সমাজের সব শ্রেণির মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে প্যাকেজগুলো তৈরি করা হয়েছে। গ্রাহকেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। বাংলাদেশের সব মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়াই শুধু আমাদের লক্ষ্য নয়, আমরা চাই সবাই যেন ইন্টারনেটে চাহিদা অনুযায়ী তাঁদের বিষয়গুলো খুঁজে পান।’