ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়ে গোঁজামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে প্রতিবেদন সরকার প্রকাশ করেছে, সেখানে দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা নিয়ে কারসাজি করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের তথ্যকে আন্তর্জাতিক এক প্রতিষ্ঠানের তথ্য বলে উপস্থাপন করা হয়েছে। যদিও ইন্টারনেট লাইভ স্ট্যাটস নামের আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির হিসাবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম।

বিশ্লেষকেরা বলছেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর চেয়ে ইন্টারনেটে বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভালো দেখাতে সচেতনভাবেই এ কাজ করা হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা: হালচিত্র ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশসহ নয়টি দেশের জনসংখ্যা, ইন্টারনেট ব্যবহারকারী ও ইন্টারনেট ব্যবহারের শতকরা হার একটি সারণিতে তুলে ধরতে গিয়ে এ গোঁজামিল দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতার সঙ্গে সংযুক্তি হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

ইন্টারনেট লাইভ স্ট্যাটসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর গড় হার ৪৬ দশমিক ১ শতাংশ হলেও বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ১৩ দশমিক ২ শতাংশ। অথচ বাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে মোট জনসংখ্যার ৪১ দশমিক ৫২ শতাংশ। মূলত এ তথ্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি), সেটিকেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তথ্য হিসেবে উপস্থাপন করা হয় বাজেট দলিলে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭২ লাখ। এ সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ। অন্যদিকে ইন্টারনেট লাইভ স্ট্যাটসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ। এই হিসাবেও বাংলাদেশের মোট জনসংখ্যার ১৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। প্রতিষ্ঠানটির হিসাবে ২০১৫ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ কোটি ৯৪ লাখ। অর্থাৎ ওই বছর জনসংখ্যার তুলনায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার ছিল ১২ শতাংশ।

তথ্যের গোঁজামিল বিষয়ে জানতে চাইলে অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, তালিকায় বাংলাদেশ অংশে তারকাচিহ্ন দেওয়া আছে। এখানে বিটিআরসির তথ্য ব্যবহার করা হয়েছে।

পরে এ বিষয়ে বিটিআরসির বক্তব্য জানতে যোগাযোগ করা হলে দায়িত্বশীল কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।

হিসাব পদ্ধতি আলাদা

ইন্টারনেট লাইভ স্ট্যাটসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, একটি দেশে কতজন মানুষ প্রতিদিন ইন্টারনেটে প্রবেশ করছেন, সেই ভিত্তিতে ব্যবহারকারীর পরিসংখ্যান তৈরি করা হয়। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়ার্ল্ড মিটার, সিঙ্গেল ইউনিট আইসোটোপ ও লাইভ আইসোটোপ পদ্ধতি ব্যবহার করা হয়। একজন ব্যবহারকারীর ইন্টারনেটে প্রবেশের একক সংকেতকে বলা হয় সিঙ্গেল ইউনিট আইসোটোপ। আর অনেক ব্যবহারকারীর পরিবর্তনশীল সংকেতকে লাইভ আইসোটোপ বলা হয়। প্রতিষ্ঠানটি প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যান থেকে মাসিক গড় ও মাসিক গড় থেকে বার্ষিক গড় করে চূড়ান্ত হিসাব তৈরি করে। ইন্টারনেট ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা জানতে ইন্টারনেট লাইভ স্ট্যাটসের পদ্ধতিকে সারা বিশ্বে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে সক্রিয় ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির নিয়ম হলো, ৯০ দিন বা তিন মাসের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহিত হবেন। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, একজন গ্রাহক মুঠোফোনে একবার একটি প্যাকেজ কিনলেই বছরজুড়ে তাঁকে গ্রাহক হিসেবে দেখানো হয়। কিন্তু তিনি নিয়মিত ইন্টারনেট ব্যবহার করছেন কি না, সেটি বিবেচনায় নেওয়া হয় না। তাই ইন্টারনেট ব্যবহারকারীর এ হিসাব থেকে দেশে ইন্টারনেট ব্যবহারের প্রকৃত চিত্র পাওয়া যায় না।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর ১৫ শতাংশের বেশি নয়। আইটিইউর ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উন্নয়ন সূচক ২০১৬’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩১। বাংলাদেশের পরে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আর ইন্টারনেট ব্যবহারকারী ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪। বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

টেলিযোগাযোগভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাইদ খান বলেন, এটি সরকারের একটি বুদ্ধিবৃত্তিক প্রতারণা। এর মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যবহারের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে।