
দেশে ইন্টারনেট ব্যবহার ক্রমেই বাড়ছে। তার পরও ইন্টারনেট ব্যবহার সক্ষমতায় বাংলাদেশ উন্নয়নশীল অনেক দেশের তুলনায় পিছিয়ে আছে। ইন্টারনেট ব্যবহার সক্ষমতায় বিশ্বের ৫১টি উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৩।
বৈশ্বিক ইন্টারনেট ফোরাম অ্যালায়েন্স ফর অ্যাফোর্ডেবল ইন্টারনেটের (এফোরএআই) ‘অ্যাফোর্ডেবিলিটি ইনডেক্স ২০১৪’ শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশ এ স্থান পেয়েছে। বার্সেলোনায় ৩ মার্চ ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
২০১৩ সালে ৪৬টি দেশে ইন্টারনেটের ব্যবহার ও মূল্য নিয়ে র্যাঙ্কিংভিত্তিক এ প্রতিবেদন প্রথম প্রকাশ করা হয়। প্রতিবেদনটির দ্বিতীয় সংস্করণে মিয়ানমার, মোজাম্বিক, ডমিনিকান রিপাবলিক, গাম্বিয়া ও হাইতি নতুন করে যুক্ত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় বাংলাদেশের আগে আছে ভারত ও পাকিস্তান। তালিকায় পাকিস্তানের অবস্থান ২৫ ও ভারতের অবস্থান ৩০। তালিকার শীর্ষ পাঁচটি দেশ হলো কোস্টারিকা, কলম্বিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও পেরু। এ তালিকায় থাকা স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচ অবস্থানে আছে রুয়ান্ডা, নাইজেরিয়া, মরক্কো, উগান্ডা ও কেনিয়া। দুটি বিষয়কে কেন্দ্র করে এ নম্বর দেওয়া হয়েছে, একটি হলো ইন্টারনেট সেবার অবকাঠামোর মান ও অপরটি হলো কত সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে থাকার পেছনে দারিদ্র্যকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। বিশ্বব্যাংক থেকে উপাত্ত নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৭৬ শতাংশ মানুষের ক্রয়ক্ষমতার সক্ষমতা (পিপিপি) দৈনিক দুই ডলার বা ১৫৬ টাকা। ব্রডব্যান্ড ইন্টারনেটের ন্যূনতম একটি সংযোগ নিতে বাংলাদেশে একজন মানুষের খরচ পড়ে ওই ১৫৬ টাকার ৭ থেকে ১৪ শতাংশ অর্থাৎ ১০ টাকার বেশি। দৈনিক গড়ে দুই ডলার আয় করেন এমন মানুষের সংখ্যা বিশ্বে এখন ২০০ কোটি, যা ইন্টারনেট সংযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার উপযোগী মুঠোফোন ও অন্যান্য যন্ত্রের মূল্য এখনো সাধারণ মানুষের হাতের নাগালে না আসার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে, দেশটিতে একটি স্মার্টফোন কিনতে একজন নাগরিককে তাঁর গড় মাথাপিছু আয়ের (জিএনআই) ২৪ দশমিক ১ শতাংশ খরচ করতে হয়। তানজানিয়া ও ইথিওপিয়াতে এ খরচ আরও বেশি, যথাক্রমে ৬২ ও ৮০ শতাংশ।
ইন্টারনেট ব্যবহার বাড়াতে মুঠোফোন অপারেটর ও হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ‘যন্ত্র খরচ বা ডিভাইস কস্ট’ কমাতে যে কাজ করছে, সে বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। স্মার্টফোনের দাম এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে আগের চেয়ে ৩০ শতাংশ কমে আসার বিষয়টি তুলে ধরে বলা হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতে এখনো সিংহভাগ স্মার্টফোনের গড়মূল্য ১০০ ডলার বা ৭ হাজার ৬০০ টাকা, যা দৈনিক গড়ে ১৫৬ টাকা আয় করা মানুষদের জন্য অনেক বেশি।
প্রতিবেদন অনুযায়ী, গবেষণায় অন্তর্ভুক্ত ৫১টি দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের খরচ একজন ব্যক্তির গড় মাসিক আয়ের ৪০ শতাংশ। খুব ছোট আকারের ইন্টারনেট প্যাকেজের খরচও এসব দেশে একজন ব্যক্তির মাসিক আয়ের ১০ শতাংশের বেশি। অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোতে উচ্চমূল্যই ইন্টারনেট ব্যবহারে প্রধান বাধা হয়ে দেখা দিচ্ছে।
উন্নয়নশীল দেশগুলোতে পুরুষদের তুলনায় নারীরা ৩০ থেকে ৫০ শতাংশ কম ইন্টারনেট ব্যবহার করেন, এমন পর্যবেক্ষণও উঠে এসেছে প্রতিবেদনে। এ জন্য নারী-পুরুষের আয়-বৈষম্যকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নারীদের পাশাপাশি গ্রামাঞ্চলে বসবাসকারী মানুষেরা ইন্টারনেট ব্যবহার সক্ষমতায় পিছিয়ে আছেন। এ জন্য গ্রামাঞ্চলের মানুষের নিম্ন আয় ও ইন্টারনেট অবকাঠামোর অভাবকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেশ কিছু পরিসংখ্যান ব্যবহার করে এ প্রতিবেদনে সঠিক নীতিমালা তৈরি ও বাস্তবায়নকে স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহার সক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য পাঁচটি বিষয়কে এ ক্ষেত্রে সাফল্য লাভে মূল চাবিকাঠি বলা হয়েছে। এগুলো হলো কার্যকর ইন্টারনেট ব্যবহার নীতিমালা তৈরি, ইন্টারনেট সেবাদাতাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি, কার্যকর তরঙ্গ ব্যবহার নীতিমালা প্রণয়ন, একই ইন্টারনেট অবকাঠামো মিলেমিশে ব্যবহারের সুযোগ ও স্বল্পমূল্যে ইন্টারনেট সেবার বৈশ্বিক সুযোগ উন্মুক্ত করা।
ইন্টারনেট ব্যবহার সক্ষমতা বাড়াতে তালিকার শীর্ষ দেশ কোস্টারিকাতে মাত্র এক বছরে মাসিক ইন্টারনেট বিলের খরচ ৫০ শতাংশ কমেছে। মোট জনসংখ্যার ৮৮ শতাংশ মানুষ দেশটিতে ইন্টারনেট সেবা পাচ্ছেন, শীর্ষ পাঁচে থাকা আর কোনো দেশেই এ সংখ্যা ৬০ শতাংশের বেশি নয়। দেশটির কার্যকর ইন্টারনেট ব্যবহার নীতিমালাকে এ সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ ৪৩৮ কোটি মানুষ এখনো ইন্টারনেট সেবা পায় না, তাই এ বিষয়টিকে জাতিসংঘের কৌশলগত উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে চিহ্নিত করার সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে।