ইন্টারনেট ব্যবহারে মূসক প্রত্যাহার করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজস্ব প্রতিবেদক
দেশে ইন্টারনেটের যেকোনো প্যাকেজের ওপর গ্রাহককে এখন ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) দিতে হয়। অর্থাৎ ১০০ টাকার একটি ইন্টারনেট প্যাকেজ কিনলে একজন গ্রাহককে মূসক হিসেবে আরও বাড়তি ১৫ টাকা গুনতে হয়।
গ্রাহক পর্যায়ে এ মূসক প্রত্যাহার করা হলে ইন্টারনেট ব্যবহার অনেক বাড়বে বলে মনে করে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন।
আসন্ন বাজেট নিয়ে প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের সঙ্গে গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত মূসক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন। তারা মনে করে, এটি করা হলে গ্রাহক, অপারেটর ও সরকার—সব পক্ষই দীর্ঘ মেয়াদে লাভবান হবে। পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় মডেম আমদানি থেকে বিক্রি পর্যন্ত তিন ধাপে ৪ শতাংশ মূসক তুলে দেওয়ারও আহ্বান জানিয়েছে দেশের বৃহত্তম এই অপারেটর।
ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে মূসক প্রত্যাহারের বিষয়ে গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, মূসক তুলে দেওয়া হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন গ্রাহকেরা। কারণ, বাড়তি যে টাকা গ্রাহক এখন মূসক হিসাবে দেন সেটি তিনি আরও ইন্টারনেট ডেটার পেছনে খরচ করতে পারবেন। আর ব্যবহার যত বাড়বে ইন্টারনেট প্যাকেজের দামও তত তাড়াতাড়ি কমানো সম্ভব হবে।
মূসক প্রত্যাহার করা হলে সরকারের রাজস্ব আয়ে প্রভাব পড়বে না বলেও মনে করেন মাহমুদ হোসেন। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে মূসক তুলে দেওয়া হলে মুঠোফোন কোম্পানিগুলোর আয় বাড়বে। যে টাকা সরকার এখন মূসক হিসাবে পাচ্ছে, অপারেটরদের আয় বাড়লে সরকার এর চেয়ে বেশি পাবে করপোরেট কর বাবদ।
ইন্টারনেট মডেম আমদানিতে এখন আমদানিকারক, পরিবেশক ও খুচরা ব্যবসায়ী—তিন পর্যায়েই ৪ শতাংশ হারে মূসক দিতে হয়। মডেম আমদানিতে এ তিন পর্যায়ের মূসক তুলে নেওয়া উচিত বলে মনে করে গ্রামীণফোন। মূসক প্রত্যাহার করা হলে মডেমের দাম বর্তমান বাজার দরের চেয়ে কমপক্ষে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাজারে বিভিন্ন অপারেটরের থ্রিজি ইন্টারনেট মডেমের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা।
গ্রামীণফোন মনে করে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরও ৪০ শতাংশ হারে করপোরেট কর দেওয়া বৈষম্যমূলক। বিভিন্ন পর্যায়ের করপোরেট কর, মূসক, আমদানি শুল্ক ও লাইসেন্স ফি বাবদ ২০১৪ সালে অপারেটরটি ৫ হাজার ৮৯০ কোটি টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে। এ অর্থ প্রতিষ্ঠানটির ওই বছরের মোট আয় ১০ হাজার ২৭০ কোটি টাকার ৫৭ দশমিক ৪ শতাংশ।