ইন্টারনেট সংযোগ বিঘ্নিত, পণ্য শুল্কায়ন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে গতকাল মঙ্গলবার স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। সার্ভারে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় এমনটি হয়েছে।
কাস্টমস কর্মকর্তা ও পণ্য খালাসে নিয়োজিত আমদানিকারকদের প্রতিনিধিরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে আমদানি পণ্য শুল্কায়নের জন্য অনলাইনে ‘বিল অব এন্ট্রি’র তথ্য জমা দেওয়া যাচ্ছিল না। বেলা দুইটা পর্যন্ত এই অবস্থা চলে। তবে দুইটার পর রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করা গেলেও আমদানি প্রক্রিয়ায় ছিল ধীর গতি।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কয়েক দিন ধরেই এ সমস্যা হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে কোনো কাজই হয়নি। বিকেলে অনলাইনে রপ্তানি প্রক্রিয়া শুরু করা গেলেও আমদানি প্রক্রিয়া শুরু করা যায়নি।
অন্যদিকে কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সার্ভারে ইন্টারনেট সংযোগে ব্যাঘাত ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়। তবে নেটওয়ার্কে ধীর গতি থাকলেও কাজ হয়েছে। ব্যাঘাত হওয়া সময় পুষিয়ে নিতে অফিস সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে। এরপরও কোনো কাজ শেষ না করে কোনো কর্মকর্তা অফিস ত্যাগ করছেন না।’
কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির পর তা খালাস করার জন্য কাস্টমসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তথ্য প্রদান করতে হয়। শুল্কায়নসহ নানা ধাপে কাজ শেষ হলে আমদানিকারকের প্রতিনিধিকে কাস্টমস কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করে। এরপরই বন্দর থেকে আমদানি পণ্য খালাস নেওয়া যায়। একইভাবে রপ্তানি পণ্য জাহাজীকরণ করা হয়। এই প্রক্রিয়ার কোনো ব্যাঘাত হলে পণ্য শুল্কায়ন কার্যক্রমেও ব্যাঘাত হয়। শুল্কায়ন কার্যক্রম শেষ না হলে বন্দর থেকে পণ্য খালাস করা যায় না।