ইন্টারনেটে লেনদেনের সুবিধা পাচ্ছে ২৩টি ব্রোকারেজ হাউস
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ জুন থেকে ইন্টারনেট-ভিত্তিক লেনদেন ব্যবস্থা ‘এমএসএ প্লাস সফটওয়্যার’ চালু হবে। আজ বুধবার দুপুর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে শুরুতেই সব সদস্য ব্রোকারেজ হাউসে এই সুবিধা থাকছে না। কেবল ৩২টি হাউসে এ সুবিধা পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসইর আইসিটি বিভাগের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এ এস এম খায়েরুজ্জামান এ কথা জানান।খায়েরুজ্জামান জানান, ইন্টারনেট-ভিত্তিক শেয়ার লেনদেন সুবিধা দিতেই বর্তমান ব্যবস্থার পরিবর্তে সম্পূর্ণ ওয়েব-ভিত্তিক ব্যবস্থায় পরিবর্তিত হতে যাচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের ইন্টারনেটে শেয়ার কেনা-বেচার সুযোগ দিতে সব ব্রোকারেজ হাউসকেই বিশেষ ওয়েব ঠিকানা (আইপি অ্যাড্রেস) সংগ্রহ করতে হবে। এ বিষয়টি ইতিমধ্যে সব ব্রোকারেজ হাউসকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত ২৩টি ব্রোকারেজ হাউস আইপি সংগ্রহ করেছে বলে জানান তিনি। বাকি ব্রোকারেজ হাউসগুলো শিগগিরই এ ব্যবস্থার আওতায় আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন খায়েরুজ্জামান।খায়েরুজ্জামান জানান, উল্লিখিত ২৩টি ব্রোকারেজ হাউস ১০ জুন থেকে তাদের গ্রাহকদের এ সুবিধা দিতে পারবে। তবে আগ্রহী গ্রাহকদের নিজ নিজ ব্রোকারেজ হাউস থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন, প্রধান প্রচলন কর্মকর্তা (সিওও) মো. জহুরুল আলম, প্রধান অর্থ কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী ও মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোহাম্মাদুল্লাহ।