ইন্দো-বাংলা বাণিজ্য মেলা কাল শুরু
রাজধানীতে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ ইন্দো-বাংলা বাণিজ্য মেলা। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) আয়োজনে তিন দিনের এ মেলা হবে সোনারগাঁও হোটেলে। এতে বাংলাদেশি ও ভারতীয় গাড়ি, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, রং, ব্যাংক, বিমা, বিদ্যুৎ, বস্ত্র এবং সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
আইবিসিসিআই মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আয়োজকেরা জানান, এতে প্রায় ৩৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে আইবিসিসিআইয়ের সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (বাণিজ্য) শিশির কোটারি, সিয়াট এ কে খান লিমিটেডের এমডি জ্যোতিব্রত ব্যানার্জি, আইবিসিসিআইয়ের মহাসচিব জাহাঙ্গীর বিন আলম ও অনারারি সেক্রেটারি জেনারেল অভিজিৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
মেলাটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।