ইন্দোনেশিয়া থেকে এক লাখ মে.টন সার আমদানির উদ্যোগ
ইন্দোনেশিয়া থেকে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মির্জাল জাইনুদ্দিনের মধ্যে গতকাল অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। শিল্প মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে দিলীপ বড়ুয়া বলেন, ঢাকায় ৮-১০ অক্টোবর অনুষ্ঠেয় ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন এই জোটের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে শিল্পায়ন ও অর্থনৈতিক সহায়তার নতুন ধারা সূচনা করবে। তিনি ডি-৮ সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিশাল বাজারের সুফল কাজে লাগাতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেন।ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বলেন, ভৌগোলিক অবস্থান ও বিশাল যুব জনগোষ্ঠী থাকার কারণে বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব বাণিজ্য ও শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই সুবাদে পৃথিবীর অনেক দেশ থেকে শিগগিরই বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তর করা হবে। এর ফলে অল্প দিনের ব্যবধানে বাংলাদেশ এশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে।