ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি প্রায় ৪ বছরের সর্বনিম্ন
ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে দেশটির প্রবৃদ্ধির হার হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এই হার ছিল ৫ দশমিক ৮১ শতাংশ।
সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানিমুখী পণ্যের, বিশেষত কয়লা ও রবারের চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার প্রভাবে দেশটির রপ্তানি শ্লথ হয়ে গেছে। বিদেশি বিনিয়োগেও মন্দা দেখা দিয়েছে। তবে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া এবং বিহিত মুদ্রা রুপিয়াহর বড় ধরনের দরপতনের কারণে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বাজার থেকে বন্ড কেনা কমিয়ে দিতে পারে এমন সম্ভাবনা দেখা দিলে বিদেশি বিনিয়োগকারীরা ইন্দোনেশিয়ার পুঁজিবাজার থেকে বিনিয়োগ প্রত্যাহার শুরু করেন। এর ফলে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার বড় ধরনের পতন ঘটে। ফেডারেল রিজার্ভ বাজারে বন্ড ছাড়া কমিয়ে দেওয়ার মাধ্যমে দেশটির অর্থনীতি চাঙ্গা হওয়ার ইঙ্গিত দিচ্ছে, এমনটিই মনে করা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কয়েক দফা সুদের হার বাড়িয়ে দেয়। অর্থনীতিবিদেরা আশঙ্কা করছেন, ২০০৯ সালের পর এ বছরই প্রথমবার ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নেমে আসবে। সূত্র: এএফপি।