ইন্দোনেশিয়ার বালি পর্যটকদের জন্য এ বছর বন্ধ
করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে ইন্দোনেশীয় দ্বীপ বালি এই বছর আর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হবে না।
গতকাল সোমবার পর্যন্ত বালিতে করোনায় সংক্রমিত হয়েছে ৪ হাজার ৫৭৬ জন। মৃত্যু ৫২ জনের।
পুরো ইন্দোনেশিয়ায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার। মারা গেছেন ৬ হাজার ৭৫৯ জন।
করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণে ইন্দোনেশীয় দ্বীপ বালি এই বছর আর বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হবে না। পর্যটকদের কাছে বিপুল জনপ্রিয় বালি। সম্প্রতি কর্তৃপক্ষ জানিয়েছিল, সেপ্টেম্বর থেকে বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বালি। তবে দেশটিতে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় সে সিদ্ধান্ত বাতিল হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনার কারণে নেওয়া এই সিদ্ধান্ত অর্থনীতি নিয়ে আরেক উদ্বেগের সৃষ্টি করেছে পর্যটননির্ভর দেশটির জন্য। নির্জন সৈকত, প্রাচীন স্থাপনা, মন্দির দেখতে প্রতিবছর লাখো বিদেশি বালি ভ্রমণ করেন। তবে এ বছর করোনার কারণে সীমান্ত বন্ধ রাখায় বিদেশিরা ভ্রমণ করতে পারছেন না।
জুলাইয়ের শেষের দিকে বিধ্বস্ত পর্যটনশিল্পকে সহায়তার জন্য দেশীয় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বালি। সৈকত, মন্দির—এসব জায়গা খুলে গেলেও বিদেশি পর্যটকের অভাবে ঝুঁকছে হোটেল–মোটেলগুলো। অনেকে রিসোর্ট বন্ধ করে আয়ের পথ খুঁজছেন।
বালির গভর্নর ওয়ান কস্টার এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়ার পরিস্থিতি বিদেশি পর্যটকদের ঢুকতে অনুমতি দেওয়ার অবস্থায় নেই। তবে ওই বিবৃতিতে বালি কবে বিদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে, তা পরিষ্কার করে বলা হয়নি। এতে কেবল বলা হয়, এ বছর ইন্দোনেশিয়া বিদেশি পর্যটকদের জন্য খুলবে না। তিনি বলেন, পুনরায় খোলার জন্য ‘বিচক্ষণতা’ এবং সাবধানতার সঙ্গে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ, কিছু ভুল হলে দ্বীপটির খ্যাতির ক্ষতি হতে পারে।
গতকাল সোমবার পর্যন্ত বালিতে করোনায় সংক্রমিত হয়েছে ৪ হাজার ৫৭৬ জন। মৃত্যু ৫২ জনের। এ ছাড়া পুরো ইন্দোনেশিয়ায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার। মারা গেছেন ৬ হাজার ৭৫৯ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু। বিশেষজ্ঞরা মনে করছেন, আরও বেশি পরীক্ষা করলে এই সংখ্যা বেশি হতো।