ইন্ধন জুগিয়েছে একশ্রেণীর বুদ্ধিজীবী: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গত রোববার যে লুটপাট হয়েছে, দেশে আগে কখনো এমন হয়নি। ব্যক্তিগত কাউকে নয়, রাষ্ট্র বা দেশকে ধ্বংস করতেই তারা এটা করেছে। আর এতে ইন্ধন জুগিয়েছে একশ্রেণীর বুদ্ধিজীবী। তারা রাষ্ট্রবিরোধী শক্তি। আপনারা জানেন তারা কারা, তারা জামায়াত-শিবির। তাদের সঙ্গে খালেদা জিয়াও আছেন। এদের সবার পাইকারি জরিমানা বা শাস্তি হওয়া উচিত। ধ্বংসের দায়িত্ব নিতে হবে খালেদা জিয়া, জামায়াত-শিবির এবং হেফাজতে ইসলামকে।’গত রোববার পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে আগুন দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী-সমর্থকেরা। ওই ভবন আজ মঙ্গলবার পরিদর্শনে যান অর্থমন্ত্রী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মতিঝিল এলাকায় আর সমাবেশ করতে দেওয়া হবে না। গতকালের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।এ সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা মহাপরিচালক (এমডি) এস এম আমিনুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি নুরুল আলম তালুকদার উপস্থিত ছিলেন।