ইপিজেড কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সোশ্যাল কাউন্সিলরদের জন্য ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে আরও জোরালো ভূমিকা রাখার জন্য নারী শ্রমিকদের আর্থিক স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বহুজাতিক ব্যাংক এইচএসবিসি সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অধীনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সহযোগিতায় বেসরকারি সংস্থা এমআরডিআই এই প্রশিক্ষণের আয়োজন করে। সংস্থাটির ‘ফিন্যান্স শিখি, অর্থ বুঝি’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম ইপিজেডের ফরেন ইনভেস্টরস ক্লাবে অনুষ্ঠিত দুই দিনের এ প্রশিক্ষণে চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের সোশ্যাল কাউন্সিলররা অংশ নেন।

বেপজার প্রধান প্রকৌশলী মো. আশরাফুল কবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।

এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এ কার্যক্রমে সহযোগিতার জন্য বেপজা এবং এইচএসবিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইপিজেড কর্মীদের সঞ্চয়ের গুরুত্ব এবং কষ্টার্জিত অর্থের সঠিক ব্যয় বিষয়ে পরিপূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। ইপিজেড কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত সোশ্যাল কাউন্সিলররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন, যা কর্মীদের দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।

বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর তাঁর সমাপনী বক্তব্যে বলেন, রপ্তানি এবং বিনিয়োগ প্রসারের পাশাপাশি কর্মীদের আর্থসামাজিক উন্নয়ন বেপজার অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে একটি। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষ করে তোলা সেই প্রচেষ্টারই একটি অংশ।

চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপকেরা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ২২ জন অংশ নেন। বিজ্ঞপ্তি