ইপিজেডগুলোর রপ্তানি ও কর্মসংস্থান বেড়েছে
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন আটটি ইপিজেড থেকে পণ্য রপ্তানিতে ১৩ দশমিক ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে কর্মসংস্থান বেড়েছে ২২ দশমিক ৬৩ শতাংশ।রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে (ইপিজেড) স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে ৩০৬ কোটি ৭ লাখ ১০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের ২০১১-১২ অর্থবছরের একই সময়ে ছিল ২৭০ কোটি ১৯ লাখ ২০ হাজার ডলার।আলোচ্য আট মাসে ইপিজেডগুলো থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে: চট্টগ্রাম ইপিজেড ১৩১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ডলার, ঢাকা ইপিজেড প্রায় ১১২ কোটি ৮২ লাখ ডলার, কর্ণফুলী ইপিজেড ২২ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার, আদমজী ইপিজেড ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, কুমিল্লা ইপিজেড প্রায় ১১ কোটি ৮৭ লাখ ডলার, মংলা ইপিজেড প্রায় পাঁচ কোটি ডলার, ঈশ্বরদী ইপিজেড প্রায় তিন কোটি ডলার এবং উত্তরা ইপিজেড প্রায় এক কোটি ২৯ লাখ ডলার।বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইপিজেডগুলো থেকে ২০১১-১২ অর্থবছরে ৪২১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা মোট জাতীয় রপ্তানির ১৭ দশমিক ২৪ শতাংশ।এদিকে ইপিজেডগুলোতে চলতি অর্থবছরের প্রথম আট মাসে নতুন ২১ হাজার ৪৩১ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ হাজার ৪৭৫ জন। আলোচ্য সময়ে চট্টগ্রাম ইপিজেডে চার হাজার ৬৮৮ জন, ঢাকা ইপিজেডে দুই হাজার ৭৯২ জন, মংলা ইপিজেডে ৬৯ জন, কুমিল্লা ইপিজেডে এক হাজার ৪৪৭ জন, আদমজী ইপিজেডে ছয় হাজার ৫৫০ জন এবং কর্ণফুলী ইপিজেডে পাঁচ হাজার ৮৮৫ জনের কর্মসংস্থান হয়েছে।একই সময়ে ইপিজেডগুলোতে প্রকৃত বিনিয়োগ হয়েছে প্রায় ২২ কোটি ২৭ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে ইপিজেডগুলোতে মোট প্রকৃত বিনিয়োগ হয় প্রায় ২৩ কোটি ৫৪ লাখ ডলার। এ ক্ষেত্রে অবশ্য ৫ দশমিক ৩৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।বেপজা জানায়, প্লটের স্বল্পতার কারণে মূলত চলতি বছরে ইপিজেডগুলোতে বিনিয়োগ কমেছে।প্রসঙ্গত, বর্তমানে দেশের আটটি ইপিজেডে ৪১৫টি শিল্প চালু ও ১৪৬টি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। উৎপাদনরত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৪টি সম্পূর্ণ বিদেশি, ৬২টি যৌথ ও ১১৯টি দেশীয় মালিকানাধীন।