ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু নিয়ে 'বাস্তবসম্মত' সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে ‘বাস্তবসম্মত’ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সফররত ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাবেক সভাপতি ও জার্মানভিত্তিক সংস্থা ফ্রেডরিক এবার্ট স্টিফটাংয়ের (এফইএস) সহসভাপতি মাইকেল সম্যারের নেতৃত্বাধীন ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিনজ, এফইএসের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জুর্জেন স্টেটিটেন ও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন, বাণিজ্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক ও শফিকুল ইসলাম এবং ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধিদলের সঙ্গে ইপিজেডে ট্রেড ইউনিয়ন নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা চান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মান অনুসরণ করে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু করা হোক। আমরা বলেছি, এ ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। এমন কিছু করা হবে না যাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সামান্যতম সম্পর্কও ব্যাহত হয়।’
বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরকারের অঙ্গীকার ছিল যে ইপিজেডে ট্রেড ইউনিয়ন হবে না। তারপরও তাঁদের রাজি করিয়ে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডব্লিউডব্লিউএ) করা হয়েছে। কিন্তু ইইউ চায় অন্য কারখানার মতো ইপিজেডেও যেন ট্রেড ইউনিয়ন থাকে।
বাংলাদেশের মোট পোশাকের ৫৫ শতাংশ ইইউতে রপ্তানি হয়—এ তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, অস্ত্র ছাড়া সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দেয় ইইউ। এ সুবিধা যাতে কখনো ব্যাহত না হয়, সেই প্রচেষ্টা থাকবে।
ইইউ বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ইপিজেডে যে ডব্লিউডব্লিউএ রয়েছে, সেটা ট্রেড ইউনিয়নের মতোই দর-কষাকষি করার ক্ষমতা রাখে। বিরোধ দেখা দিলে মালিক, শ্রমিক ও সরকার—এই তিন পক্ষ বসে নিষ্পত্তি করতে পারে।
ক্রেতা গোষ্ঠীর অনুরোধে অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনিশিয়েটিভ দেশের ৩ হাজার ৮০০ তৈরি পোশাক কারখানার মধ্যে ৩ হাজার ৭৮০টি কারখানা পরিদর্শন করেছে বলে সাংবাদিকদের জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩৯টি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৪৭টির সংস্কার করা হয়েছে। মানহীন কারখানার সংখ্যা ২ শতাংশের নিচে, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য।
বাণিজ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে বেশ কয়েকটি ‘গ্রিন ফ্যাক্টরি’ গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল বিশ্বের যে ১০টি পোশাক কারখানাকে এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সনদ দিয়েছে, তার ৭টিই বাংলাদেশের। কিন্তু বিদেশি ক্রেতারা সেগুলো থেকে তৈরি পোশাক কিনলেও দাম বাড়াচ্ছেন না। বরং দাম কমাচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইপিজেডগুলোতে কর্মরত ৪ লাখ শ্রমিক ইপিজেডের বাইরের কারখানার শ্রমিকের চেয়ে বেশি বেতন ও সুবিধা পাচ্ছেন। শ্রমিকেরা চান নিজেদের মধ্যে শ্রমিক সংগঠন তৈরি করতে। বাইরের কাউকে তাঁরা নিজেদের নেতা নির্বাচন করতে চান না।