ইপিজেডে শ্রম আইনের বাস্তবায়ন চায় ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) কর্মরত শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে বলেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। এ জন্য ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন চায় তারা। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত ও নিবন্ধন-প্রক্রিয়া সহজ করতে শ্রম আইন সংশোধনেরও তাগিদ দিয়েছে প্রতিনিধিদল।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠকে সফররত ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদল এসব কথা বলেছে। রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল সোমবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও ইইউ প্রতিনিধিদলের প্রধান আর্নে লেইতজ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
ইপিজেডে শ্রম আইন বাস্তবায়নের বিষয়ে আর্নে লেইতজ বলেছেন, ‘আমরা চাই সব জায়গায় একই মান থাকুক। অন্যথায় একপক্ষীয় মান উন্নয়ন অর্থবহ হয় না। দেশের সব নাগরিকের সমান অধিকার আছে। তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, শিক্ষা ও সবক্ষেত্রে লিঙ্গসমতার অধিকারও আছে।’
বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে প্রশ্ন তুলে জিএসপি-সুবিধার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। শ্রম অধিকারের বিষয়গুলো খতিয়ে দেখতেই ঢাকায় এসেছেন ইইউ পার্লামেন্টের সদস্যরা। তবে জিএসপির বিষয়ে কোনো কথা বলেননি আর্নে লেইতজ।
শ্রমিক অধিকার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ‘তৈরি পোশাক ব্যবসাটা টিকিয়ে রাখতে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। আমরা বলছি না যে সব ভালো কাজ আমরা করে ফেলেছি। আমাদের আরও কিছু কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইইউ প্রতিনিধিদলের সঙ্গে সামগ্রিক শ্রম পরিবেশ ও ইপিজেডে শ্রম আইন বাস্তবায়নসহ অন্যান্য বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি, রানা প্লাজা ধসের পর গত তিন বছরে কোথায় ছিলাম এবং এখন কোথায় এসে পৌঁছেছি।’
প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিএমইএর এক নেতা বলেন, ‘ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য একটি কারখানার ৩০ শতাংশ শ্রমিকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। ইইউ প্রতিনিধিদল এই বাধ্যবাধকতা তুলে দিতে বলেছে। তবে আমরা এ বিষয়ে কোনো ছাড় না দেওয়ার কথা শক্তভাবে বলেছি।’
এ ছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শ্রমিকনেতাদের সঙ্গে প্রতিনিধিদল বৈঠক করে। ইন্ড্রাস্টিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক, বিলসের উপদেষ্টা রায় রমেশ চন্দ্র, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা, ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শ্রম আইন কার্যকর, শ্রম আইনের অনেক ধারা শ্রমিকবান্ধব না হওয়ায় তা সংশোধন, মজুরি বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি নতুন মজুরি বৃদ্ধির প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকার ও মালিকপক্ষকে চাপ দিতে ইইউ প্রতিনিধিদলের কাছে অনুরোধ করেন শ্রমিকনেতারা।
অবশ্য শ্রমিকনেতারা বলেছেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য জিএসপি খুবই গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে শ্রমিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সবাইকে যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।