ইপিজেডের জন্য আলাদা আইন প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে প্রশ্ন তুলে জিএসপি সুবিধার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য গত সপ্তাহে ঢাকায় ঘুরে গেছেন ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য। তাঁরা শ্রমিকদের সংগঠন ও দর-কষাকষি করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শ্রম আইন বাস্তবায়নের তাগিদ দিয়েছেন। এসব বিষয় নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার

প্রথম আলো: রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) শ্রম আইন বাস্তবায়নে ইইউ এত চাপ দিচ্ছে কেন?

আমিরুল হক: ইপিজেডে শ্রম আইন বাস্তবায়ন করার চাপ নতুন কিছু নয়। যখন ইপিজেড হয়েছে, তখন থেকেই চাপ আছে। কারণ, আমাদের দেশের সংবিধানের মূল ধারা ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশনের সঙ্গে ইপিজেডের বর্তমান ব্যবস্থাটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে, প্রত্যেক শ্রমিকের সংগঠন করার স্বাধীনতা থাকবে। মৌলিক অধিকার সংরক্ষণ হবে। আর আইএলওর কনভেনশন অনুসারে প্রত্যেক শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে। কিন্তু শ্রমিকদের সংগঠন করা ও মতপ্রকাশের অধিকার খর্ব করেই ইপিজেড করা হয়েছে। কাজেই চাপটি দীর্ঘদিনের। এখন চাপের পরিমাণ বেশি হওয়ার কারণ হচ্ছে, ইতিপূর্বে সরকার অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, ধীরে ধীরে ইপিজেডে শ্রমিকদের অধিকার দেওয়ার হবে। তবে দেখা গেছে, ৮-১০ বছরেও সেটি দেওয়া হয়নি। এ জন্যই চাপটি বেশি। আমরাও মনে করি, বাংলাদেশের যেকোনো শিল্পপ্রতিষ্ঠান একটি শ্রম আইনের ভিত্তিতেই চলা উচিত। ইপিজেডের জন্য আলাদা আইন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

প্রথম আলো: ইউরোপ-আমেরিকা বারবারই শ্রমিকদের সংগঠিত ও দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে তাগিদ দিচ্ছে। তবে সরকার ও বিজিএমইএ দাবি করছে, রানা প্লাজা ধসের পর অনেক উন্নতি হয়েছে। প্রকৃতপক্ষে শ্রম অধিকার বিষয়ে এখনো কী ধরনের ঘাটতি আছে?

আমিরুল হক: হ্যাঁ, আমরা বলি, রানা প্লাজা ধসের পর অনেকগুলো কারখানায় ট্রেড ইউনিয়ন হয়েছে। কথাটা ঠিক আছে। তবে ইউনিয়ন গঠন করা এক জিনিস আর সেটিকে দর-কষাকষির এজেন্ট বা সিবিএ করা অন্য জিনিস। অধিকাংশ ক্ষেত্রেই সিবিএ হয়ে উঠতে পারেনি ইউনিয়নগুলো। এটি না হওয়ার মূল কারণ হচ্ছে মালিকদের অনীহা। ইউনিয়ন হওয়ার পর দেখা গেছে, ইউনিয়ন কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। শ্রম অধিকারের বিরুদ্ধে এই ধরনের অন্যায্য কর্মকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। এসব শিগগিরই সমাধান ও বন্ধ করার দাবিটি ইস্যু আকারে আসছে। এ ছাড়া শ্রম আইন সংশোধনীর অনেকগুলো বিষয় বারবার আলোচনায় আসছে। যুক্তিসংগত কারণেই হচ্ছে। যেমন আমাদের শ্রম আইন অনুসারে শ্রমিকদের বিনা কারণ ও বিনা নোটিশে চাকরিচ্যুত করা যায়। আমরা মনে করি, শ্রমিকেরা যখন সংগঠিত হওয়ার চেষ্টা করে, তখনই কেবল মালিকেরা আইনের এই ধারা ব্যবহার করেন। সে জন্য এটি শ্রম আইনে থাকা উচিত নয়। এ ছাড়া ইউনিয়ন গঠনের জন্য প্রতিষ্ঠানের ৩০ শতাংশ শ্রমিকের অংশগ্রহণ থাকা বাধ্যতামূলক। অনেক শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকসংখ্যা ১০ হাজারের বেশি। তাহলে তিন হাজার শ্রমিককে প্রথম সদস্য করতে হবে বা সংগঠিত করতে হবে। এটি অসম্ভব। কারণ হচ্ছে, যেখানে বিনা নোটিশে বিনা কারণে একজন শ্রমিককে চাকরিচ্যুত করা যায়, সেখানে ইউনিয়নের জন্য এত শ্রমিকের সম্মতি নেওয়াটা কাল্পনিক ব্যাপার। কাজেই বিষয়টি প্রত্যাহার বা কমানো দরকার। এ রকম আরও কিছু ধারা আছে, যা কিনা শ্রমিকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করে। তাই শ্রম আইনের আরেকটি সংশোধনী হওয়া উচিত।

প্রথম আলো: আগামী জুনে আইএলওর সম্মেলন ও তার আগে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর্যালোচনা সভায় শ্রম অধিকার বিষয়ে যথেষ্ট অগ্রগতি দেখাতে হবে। না হলে ইইউ জিএসপি হুমকিতে পড়তে পারে। এখন সরকার, মালিক ও শ্রমিকপক্ষের কী করা উচিত?

আমিরুল হক: আমি মনে করি, এই মুহূর্তে সরকার, মালিক ও শ্রমিক সংগঠনের একসঙ্গে কাজ করা উচিত। একসঙ্গে কাজ করা মানে কিন্তু কিছু কিছু বিষয়ে অনেক সময় নিতে হবে, তা নয়। ইপিজেড তো বহু বছর চলল। এখন সরকার যদি এসআরও জারি করে বলে যে ইপিজেডে আলাদা আইনের দরকার নেই, বরং সমস্ত শিল্পকারখানা বাংলাদেশ শ্রম আইনের আওতায় চলবে। ৭-১০ দিনের মধ্যেই এই কাজ করা যায়।