ইপিজেডের বিদেশি কর্মীরা পাবেন শুল্কমুক্ত সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা বিশেষ শুল্কমুক্ত সুবিধা পাবেন। যেসব প্রতিষ্ঠান এসব বিদেশির কাছে সিগারেট, মদ, বিয়ার, প্রসাধনসামগ্রী ও খাদ্যপণ্য বিক্রি করবে; ওই সব প্রতিষ্ঠানকে এসব পণ্য আমদানিকালে কোনো শুল্ক-কর দিতে হবে না। ওই সব প্রতিষ্ঠান বন্ড সুবিধা পাবে।

২২ মার্চ এক প্রজ্ঞাপনে এসব সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কমুক্ত সুবিধায় আনা পণ্য শুধু ইপিজেডে স্থাপিত শিল্প কারখানার বিদেশি বিনিয়োগকারী, বিদেশি কর্মী ও কারিগরদের কাছে বিক্রি করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত পণ্য আমদানিকালে মূল্যভিত্তিক ১৫ শতাংশ আমদানি শুল্ক বসবে। আমদানি শুল্ক এর বেশি হলেও ১৫ শতাংশ দিলেই চলবে। এ ছাড়া নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ও সম্পূরক শুল্ক দিতে হবে না।

বন্ড সুবিধা পেতে এনবিআর বেশ কিছু শর্ত দিয়েছে। ওই সব প্রতিষ্ঠানকে এসব পণ্য আমদানির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কাছ থেকে আমদানির অনুমতি নিতে হবে। আগ্রহী প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্সের সুবিধা দেবে এনবিআর। যেসব বিদেশির কাছে শুধু কাস্টমস পাস বই আছে; তাদের কাছে এসব পণ্য বিক্রি করা যাবে। তবে নির্ধারিত পরিমাণের বেশি বিক্রি করা যাবে না।

অভিযোগ আছে, বন্ড সুবিধাপ্রাপ্ত এ ধরনের প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে তা খোলাবাজারে বিক্রি করে দেয়। অনেক সময় বিদেশিরা পাসপোর্ট দেখালেই এসব পণ্য বিক্রি করে ওই সব প্রতিষ্ঠান। তাই এখন থেকে বিদেশিরা শুধু কাস্টমস পাস বই দেখালেই এসব পণ্য বিক্রি করতে হবে।