ইপিবির উপপরিচালককে প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) প্রেষণে কর্মরত উপপরিচালক সৈয়দ বেলাল হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে গতকাল সোমবার পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়। চিঠিতে বলা হয়, ‘সৈয়দ বেলাল হোসেনের বিরুদ্ধে ইপিবির ১৬৮ জন কর্মকর্তা-কর্মচারী ঘুষ-দুর্নীতির অভিযোগ দাখিল করে। তিনি যেহেতু দীর্ঘদিন ইপিবিতে কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে সবারই অভিযোগ রয়েছে, তাই ওই প্রতিষ্ঠান থেকে তাঁকে প্রত্যাহার করা জরুরি।’প্রত্যাহার করে জরুরি ভিত্তিতে উপসচিব পদমর্যাদার একজনকে প্রেষণে পদায়নের সুপারিশও করা হয় চিঠিতে।অভিযোগকারীদের মধ্যে উপপরিচালক, সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, তদন্তকারী, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ প্রদর্শনী কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, এনালিস্ট, জনসংযোগ কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, অভ্যর্থনাকারী, গাড়িচালক, মুদ্রাক্ষরিক ও এমএলএসএসরা রয়েছেন। অভিযোগে বলা হয়, সৈয়দ বেলাল হোসেন চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ২০১২ (ডিআইটিএফ) সচিবালয়ের সদস্যসচিব। কিন্তু প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দে তিনি বিভিন্ন অনিয়ম করেছেন। যোগাযোগ করা হলে ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশিস বসু প্রথম আলোকে বলেন, সৈয়দ বেলাল হোসেনের বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি বলে কিছু বলা যাচ্ছে না। আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো চিঠিও ইপিবিতে আসেনি। এর বাইরে তিনি কিছু বলতে রাজি নন। সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা। অভিযোগকারীরা সঠিক দায়িত্ব পালন করেনি বলে আমি তাদের অনুপস্থিত দেখিয়েছি। এ কারণে তারা খেপেছে।’