মৌলভীবাজারের আগর ও আতর এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে পণ্যটি রপ্তানি করে চার লাখ টাকা আয় হয়। ২০১১-১২ ও ২০১০-১১ অর্থবছরে খাতটির রপ্তানি আয় ছিল যথাক্রমে প্রায় ৪৩ লাখ এবং এক কোটি ১৯ লাখ টাকা।বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্যটির মান উন্নয়নে উদ্যোগের কারণেই এটি সম্ভব হয়েছে। মূলত ‘এক জেলায় এক পণ্য (ওডিওপি)’ শীর্ষক কর্মসূচির আওতায় ইপিবি মৌলভীবাজারের আগর ও আতরের পাশাপাশি বান্দরবানের রাবার এবং দিনাজপুরের পাঁপড় নিয়ে কাজ করছে। অথচ ১৪টি পণ্য নির্বাচন করে দেশের ৪১ জেলায় এসব পণ্য উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে পাঁচ বছর আগে।জানা গেছে, দেশের রপ্তানি খাতকে সুদৃঢ় কাঠামোর ওপর দাঁড় করাতে এবং সীমিত পণ্য ও বাজারের ওপর নির্ভরতা কমাতে পণ্যের উৎপাদন এলাকা সম্প্রসারণের উদ্যোগ নেয় ইপিবি। ২০০৬-০৭ অর্থবছরে এই পরিকল্পনা নিলেও বাস্তবায়ন শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে। তাও সীমিত পরিসরে।জাপানের ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রডাক্ট’ কর্মসূচির আলোকে এই কর্মসূচি গ্রহণ করে ইপিবি। এ জন্য এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয় প্রাক্কলন করা হয়।অবশ্য ইপিবির এক উপপরিচালক বলেন, ‘ইপিবি প্রথমে এটি প্রকল্প আকারে বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সরকার রাজি না হওয়ায় নিয়মিত কর্মসূচি আকারেই বাস্তবায়ন করা হচ্ছে। তবে প্রয়োজনীয় লোকবলের অভাবে আমরা শুরুতে তিনটি পণ্য নিয়ে কাজ শুরু করেছি।’উপপরিচালক আরও বলেন, কর্মসূচি শুরু হওয়ার পর দুই বছর ধরে আগর এবং আতর রপ্তানি হচ্ছে। বৈধ পথে এখন প্রতিবছর গড়ে দেড় থেকে দুই লাখ ডলারের রপ্তানি হয়। এ ছাড়া স্থানীয় লাগেজ পার্টির মাধ্যমেও বিপুল পরিমাণ পণ্যটি রপ্তানি হচ্ছে। শিগগিরই অন্য দুটি পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলেও জানান তিনি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পণ্য তিনটির মান উন্নয়নে উৎপাদন পর্যায় থেকে শুরু করে রপ্তানিকারক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে তা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।নির্বাচিত ১৪ পণ্য: ওডিওপি কর্মসূচির জন্য ইপিবি ৪১ জেলার ১৪টি পণ্য নির্বাচিত করে ইপিবি। পরিকল্পনা অনুসারে, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্ধারিত ৪১টি জেলায় সংশ্লিষ্ট এলাকায় পণ্যভিত্তিক সমিতি গঠন করা হবে। এ ছাড়া সমিতির সমন্বয়ে একটি ‘ওডিওপি ফেডারেশন’ হবে।ইপিবির দেওয়া তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে আগর উড ও আগর আতর, খুলনায় কাঁকড়া এবং নাটোরে ভেষজ উদ্ভিদ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরু ও সুগন্ধি চালের মধ্যে দিনাজপুরের কাটারীভোগ, নওগাঁর কালোজিরা ও চিনিগুঁড়া, কুষ্টিয়ায় চাল উৎপাদন করা হবে। অর্গানিক চা উৎপাদনের জন্য পঞ্চগড় এবং রাবার উৎপাদনের জন্য বান্দরবানকে বেছে নেওয়া হয়েছে। হস্তশিল্প উৎপাদনের জন্য সুনামগঞ্জ ও ফেনীতে শীতলপাটি, ফরিদপুর ও জামালপুরে নকশিকাঁথা, রংপুরে শতরঞ্জি এবং কুড়িগ্রামে বাঁশজাত পণ্য উৎপাদন করা হবে।হস্তচালিত তাঁতের বস্ত্র উৎপাদনের জন্য রাজশাহীতে রেশম বস্ত্র, সিরাজগঞ্জে তাঁতবস্ত্র, টাঙ্গাইলে টাঙ্গাইল শাড়ি, কুমিল্লায় খাদি বস্ত্র ও রাঙামাটিতে আদিবাসী বস্ত্র এবং সাতক্ষীরায় মাটির টালি উৎপাদন করা হবে রপ্তানির জন্য।এ ছাড়া তাজা শাকসবজির উৎপাদনের জন্য জয়পুরহাট, চাঁদপুর, বগুড়া ও নীলফামারী; মুন্সিগঞ্জে আলু, কচু ও কচুর লতি, মেহেরপুরে কচুর মুখী, যশোরে শিম, কচু, লাউ, কুমড়া, পটোল, বেগুন ও কপি উৎপাদিত হবে। এ ছাড়া নরসিংদী, ঝিনাইদহ ও নারায়ণগঞ্জকে শাকসবজি উৎপাদনের জন্য নির্বাচিত করা হয়েছে। আনারসের জন্য খাগড়াছড়ি ও পানের জন্য চুয়াডাঙ্গাকে বাছাই করা হয়েছে।মাছের জন্য সাতটি জেলাকে বেছে নেওয়া হয়েছে। নেত্রকোনা, বরিশাল ও ময়মনসিংহে মিঠাপানির মাছ, ভোলা, বরগুনা, পটুয়াখালীতে ইলিশ মাছ এবং নড়াইলে গলদা চিংড়ি। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের জন্য চট্টগ্রাম জেলাকে নির্বাচিত করা হয়েছে। ইপিবির মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ওডিওপি কর্মসূচির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।’