ইফাদ শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংযোজন করবে

আগামী এক বছরে ভারতের অশোক লেল্যান্ডের এক হাজার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি বাসের বডি দেশেই তৈরি করবে ইফাদ অটোস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার নতুন এ গাড়ি তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন।
ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাস তৈরির জন্য ঢাকার ধামরাইয়ে ইফাদের নিজস্ব কারখানা গড়ে তোলা হচ্ছে। এ কারখানায় আগামী বছর থেকে গাড়ির বডি তৈরি করা শুরু হবে। এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, পাশাপাশি ক্রেতারাও সাশ্রয়ী দামে গাড়ি কিনতে পারবেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার যানজট কমাতে হলে বড় বড় বাস বেশি করে নামাতে হবে। ইফাদের সংযোজন করা ৫২ আসনের এক হাজার অশোক লেল্যান্ড গাড়ি আগামী বছরের নভেম্বরের মধ্যে দেখতে চাই।’ বাসের মতো বড় মোটরগাড়ি সংযোজন কারখানা তৈরিতে প্রয়োজনীয় সব রকমের সহায়তার আশ্বাসও দেন তিনি।
আইন অমান্য করে রাস্তায় সরকারের মন্ত্রীসহ প্রভাবশালী ব্যক্তিদের চলাচলের সমালোচনা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের ভিআইপিরা রাস্তার উল্টো দিক দিয়ে হনহন করে গাড়ি চালিয়ে যান। ল মেকার্সরা ল ব্রেকার্স হলে কীভাবে চলবে? একজনের সুখের জন্য হাজার হাজার নারী, শিশু ও অ্যাম্বুলেন্সের রোগী কষ্ট পাচ্ছে—এটা কি আমাদের বিবেকে বাধে না? আমি আমার বিরুদ্ধেই এ অভিযোগ করছি।’
অশোক লেল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট বালাচন্দ্রান ভেনকাট সুব্রামানিয়াম বলেন, ৩০ বছর ধরে অশোক লেল্যান্ডের গাড়ি এ দেশে বাজারজাত করছে ইফাদ। নতুন এ সংযোজন কারখানার মাধ্যমে বাংলাদেশে অশোক লেল্যান্ডের গাড়ি আরও জনপ্রিয়তা পাবে।