ইবিএল দেশে প্রথমবার করপোরেট কার্ড আনল
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) দেশে প্রথমবারের মতো ভিসা করপোরেট কার্ড চালু করল। এ করপোরেট কার্ডের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীরা তাঁদের ব্যবসায়িক ভ্রমণ, আপ্যায়ন এবং অন্যান্য নৈমিত্তিক খরচাদি মেটাতে পারবেন। পাশাপাশি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের ১০ লক্ষাধিক ভিসা এটিএম রেস্তোরাঁ, বিপণিবিতান ও হোটেলে এই কার্ড ব্যবহার করা যাবে।ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইবিএল ভিসা করপোরেট কার্ডের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।এ সময় ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মামুন মাহমুদ শাহ, কার্ড বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, যেকোনো নিবন্ধিত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকে আবেদন ও অনুমোদন সাপেক্ষে তাদের কর্মকর্তা বা কর্মচারীদের জন্য নির্দিষ্ট পরিমাণ অঙ্কের কার্ড ইস্যু করতে পারবে। ব্যবসায়িক খরচ মেটানোর জন্য তখন আর প্রতিষ্ঠানগুলোর নগদ অগ্রিম, অনুমোদন, বিল সমন্বয় ইত্যাদি দাপ্তরিক কাজে সময় নষ্ট করার প্রয়োজন হবে না। www.ebl.com.bd/visacorporate ও www.visaplatinum.com—এই দুটি ওয়েবসাইটে ইবিএল ভিসা করপোরেট কার্ডের সুবিধাদি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।