ইবিএল নিয়ে এল পে-রোল ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি সেবা পণ্যসহ পে-রোল ব্যাংকিং নিয়ে এল ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। এর মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা আরও সহজে বিতরণ করতে পারবে বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা।রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গতকাল ইবিএল পে-রোল ব্যাংকিংয়ের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, ব্র্যান্ডিং ও বিপণন-প্রধান জিয়াউল করিম, ক্লাস্টার-প্রধান মো. সাদ উল্লাহ, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, পে-রোল ব্যাংকিং প্রধান নিলুফার রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, সঞ্চয়ী হিসাব, শুধু ক্রেডিট কার্ড-সংবলিত সঞ্চয়ী হিসাব ও প্রি-পেইড কার্ড সমাধান নিয়ে গঠন করা হয়েছে ইবিএল পে-রোল ব্যাংকিং। এই সেবাটি যেসব প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী আছেন এবং লেনদেন অনেক, সেসব প্রতিষ্ঠানের জন্য বিশেষ উপযোগী। সব কর্মচারীর জন্য ব্যাংক হিসাব খোলা কষ্টসাধ্য। এ সমস্যার সহজ সমাধান দেবে ভিসা পে-রোল কার্ড। হিসাব না খুলেই প্রতিষ্ঠানের নির্দেশনা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পে-রোল কার্ডে বেতনের টাকা জমা হবে। কার্ডের মাধ্যমে কেনাকাটা, বিল পরিশোধ ও নগদ টাকা ওঠানো যাবে।