ইবিএলের দুটি নতুন এসএমই সেবা
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য দুটি নতুন সেবা চালু করেছে।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এসএমই ডাবল রিটার্ন’ ও ‘এসএমই বিজনেস ডেবিট কার্ড’ শীর্ষক নতুন সেবা দুটির উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে একজন এসএমই গ্রাহককেও একটি বিজনেস ভিসা কার্ড হস্তান্তর করেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান, এসএমই ব্যাংকিংয়ের প্রধান খোরশেদ আলম, মিডিয়াম বিজনেসের প্রধান রাশিদুল ইসলাম, স্মল বিজনেসের প্রধান আনোয়ার ফারুক তালুকদার, কার্ডস বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, ব্র্যান্ড ও বিপণন প্রধান জিয়াউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘এসএমই ডাবল রিটার্ন’ হলো একটি পূর্বনির্ধারিত মেয়াদি সঞ্চয় হিসাব, যাতে মূল টাকা ছয় বছরে দ্বিগুণ হবে। এই হিসাবের বিপরীতে প্রতিযোগিতামূলক সুদের হারে ঋণও গ্রহণ করা যাবে। ডাবল রিটার্ন হিসাব খুলতে হলে গ্রাহকদের ইস্টার্ন ব্যাংকে একটি এসএমই সঞ্চয়ী বা চলতি হিসাব থাকতে হবে।এসএমই হিসাবধারীদের জন্য চালু করা হয়েছে ‘ইবিএল ভিসা বিজনেস ডেবিট কার্ড’। কোনো গ্রাহক যেকোনো সময় এটিএম বুথে গিয়ে এই কার্ড ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট বা হিসাব থেকে যেমন টাকা তোলার সুযোগ পাবেন, তেমনি ভিসা লোগোসংবলিত যেকোনো ‘পিওএস’ মেশিনেও এটি ব্যবহার করা যাবে। এর ফলে এসএমই গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে সময় অপচয় করতে হবে না। অধিকন্তু কার্ডটির মাধ্যমে গ্রাহকেরা ইবিএলের শতাধিক অংশীদারের বিভিন্ন আউটলেটে বিশেষ মূল্যহ্রাস ও অন্যান্য সুবিধা উপভোগ করতে পারবেন। একজন ইবিএল এসএমই হিসাবধারী নির্ধারিত ফরমে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।