ইমাম বাটনের পরিচালন লোকসান ১ কোটি ২৯ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনে গত অর্থবছরে এক কোটি টাকার ওপর পরিচালন লোকসান হয়েছে। বৈশ্বিক মন্দাসহ বেশ কিছু কারণে প্রতিষ্ঠানটির এ অবস্থা। এর ফলে প্রতিষ্ঠানটি নাজুক অবস্থায় রয়েছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় নিযুক্ত নিরীক্ষক প্রতিষ্ঠান রহমান ঠাকুর অ্যান্ড কোং নিরীক্ষকের মন্তব্যে এসব বিষয় উল্লেখ করেছে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে ইমাম বাটনের পরিচালন লোকসান হয়েছে এক কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১৫৫ টাকা। বৈশ্বিক মন্দার প্রভাব, কাঁচামালের দাম বৃদ্ধি, লোডশেডিং, জেনারেটরের সমস্যা ও মেশিনারির সমস্যার কারণে এই আর্থিক ক্ষতি হয়েছে। আর এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বলেছে নিরীক্ষক প্রতিষ্ঠান। অন্যথায় ভবিষ্যতে কোম্পানির টিকে থাকাই দুষ্কর হবে বলে মনে করে নিরীক্ষক প্রতিষ্ঠান। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ১ দশমিক ৯৬ শতাংশ বা ২০ পয়সা কমেছে। সর্বশেষ ১০ টাকায় এটির শেয়ার লেনদেন হয়। আজ মোট এক হাজার শেয়ার দুবারে লেনদেন হয়।প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি তিন বছর ধরে লোকসানে থাকায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারছে না। এর পরিপ্রেক্ষিত ২০১২ সালের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ সুপারিশ করেনি।