ইরান থেকে তেল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি হিসাবের বড় ঘাটতি ও রুপির দরপতনের মুখে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে এবার ইরান থেকে জ্বালানি তেল আমদানি বাড়াবে ভারত। আর এই আমদানির মূল্য পরিশোধ হবে রুপিতে। এর ফলে দেশটির ৮৫০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসবিষয়কমন্ত্রী বীরাপ্পা মইলি ইতিমধ্যে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছেন।

পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এর ফলে মার্কিন ডলার বা ইউরোর মাধ্যমে ইরানের সঙ্গে বৈদেশিক লেনদেন করা সম্ভব হচ্ছে না।

ইরান থেকে জ্বালানি তেল আমদানির ৫৫ শতাংশ মূল্য পরিশোধে ২০১১ সালের জুলাই থেকে ভারত তুরস্কের আঙ্কারাভিত্তিক হালকব্যাংকের মাধ্যমে ইউরোতে পরিশোধ করছে। অবশিষ্ট মূল্য পরিশোধ করা হচ্ছে রুপিতে। কলকাতায় ইউসিও ব্যাংকের শাখার মাধ্যমে এই অর্থ পরিশোধ হচ্ছে।

তবে পশ্চিমা বিশ্বের এই নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি সময়ে ইরান থেকে অশোধিত জ্বালানি তেল আমদানি অনেক কমিয়ে দিয়েছিল ভারত। ২০১১-১২ অর্থবছরে এক কোটি ৮১ লাখ টন তেল আমদানির বিপরীতে ২০১২-১৩ অর্থবছরে আমদানি হয়েছিল এক কোটি ৩১ লাখ টন। 

বীরাপ্পা মইলি জানিয়েছেন, এই অর্থবছরের বাকি সময়ে এক কোটি ১০ লাখ টন তেল আমদানি করলে ৮৫০ কোটি ডলার সাশ্রয় হবে। কেননা, ভারত ইরানকে রুপিতে মূল্য পরিশোধ করবে।

পেট্রল ও ডিজেলের দাম বাড়ল: ভারতে আবার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। এবার পেট্রলে লিটারপ্রতি ২ দশমিক ৩৫ রুপি ও ডিজেলে লিটারপ্রতি ৫০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে।

গত শনিবার গভীর রাত থেকেই পেট্রল ও ডিজেলের নতুন দাম কার্যকর হয়েছে। এই নিয়ে গত তিন মাসে ছয়বার পেট্রলের দাম বাড়ানো হয়েছে। আর গত সাত মাসে ডিজেলের দাম বেড়েছে আটবার। সূত্র: দ্য হিন্দু।