ইরানের সঙ্গে লেনদেন কার্যত স্থবির
বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হিসেবে পরিচিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বার্ষিক বাণিজ্য ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে সাড়ে ৭ শতাংশ কমেছে। অবশ্য ২০১১ সালের তুলনায় ২০১২ সালে এই লেনদেন কমেছিল সাড়ে ৩৭ শতাংশ।
আকুর সদস্যদেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত ও পাকিস্তানের বাণিজ্যিক লেনদেন এই সময়কালে কিছুটা বেড়েছে। বাংলাদেশসহ বাকি সব দেশের বাণিজ্য এই সময়ে কমেছে। তবে তার আগের বছর বাংলাদেশের বাণিজ্য কমেছিল।
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আকুর সচিবালয়ের গত ডিসেম্বর মাসের বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, আকুর বার্ষিক লেনদেন ২০১৩ সালে নেমে এসেছে এক হাজার ৬৮২ কোটি ২৩ লাখ ডলারে, যা ২০১২ সালে ছিল এক হাজার ৮১৯ কোটি ১৫ লাখ ডলার। আর ২০১১ সালে ছিল দুই হাজার ৯০৮ কোটি ৪৭ লাখ ডলার।
আকুর অন্যতম বড় সদস্য ইরানের লেনদেন গত বছর শতভাগ কমে যাওয়ার প্রভাবেই মোট লেনদেন কমেছে। মূলত ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের নানা ধরনের কঠোরতা আরোপের কারণে আকুর সদস্য অন্য দেশগুলো দেশটির সঙ্গে লেনদেন কমিয়ে দিয়েছে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ—এই নয়টি দেশ বর্তমানে আকুর সদস্য।
সদস্যদেশগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেন সহজ করা ও পারস্পরিক বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমানোর জন্য আকু গঠন করা হয় ১৯৭৫ সালে। একে পরোক্ষভাবে একটি বাণিজ্য জোট হিসেবেও বিবেচনা করা হয়। আকুতে মার্কিন ডলারের পাশাপাশি ইউরোর মাধ্যমেও লেনদেন নিষ্পন্ন করার সুযোগ রয়েছে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ভারত আকুতে ইরানের সঙ্গে রুপিতে লেনদেন করছে ২০১২ সালের মাঝামাঝি থেকে।
পরিসংখ্যান: গত বছর আকুভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশ ৪৯১ কোটি ডলারের পণ্যসেবা আমদানি করেছে। এটি তার আগের, অর্থাত্ ২০১২ সালের তুলনায় সাড়ে ১০ শতাংশ বেশি। আবার গত বছর আকুভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্যসেবা রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ডলার; যা তার আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ কম। ২০১২ সালে এর পরিমাণ ছিল ১৭ কোটি ৬২ লাখ ডলার।
সুদসহ আমদানি-রপ্তানি মিলিয়ে গত বছর আকুর মাধ্যমে বাংলাদেশের মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ২৬ লাখ ডলার, যা গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। গত বছর বাংলাদেশ মোট ৪৬২ কোটি ৭০ লাখ ডলার লেনদেন করেছিল।
আকুতে প্রতিটি সদস্যদেশই ঋণ নেয়। আবার ঋণ প্রদানও করে। ঋণ প্রদানের চেয়ে ঋণ গ্রহণ বেশি হলে সুদ দিতে হয়। উল্টোটা হলে সুদ পাওয়া যায়।
প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, আকুতে গত বছর ভারতের মোট লেনদেন সাড়ে ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫১ কোটি ৬৫ লাখ ডলার। এই সময়কালে আকুতে ভারতের রপ্তানি সাড়ে ৩ শতাংশ বাড়ার বিপরীতে আকুভুক্ত দেশগুলো থেকে সমন্বিত আমদানি কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ।
অন্যদিকে আকুভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের আমদানি ও রপ্তানি—উভয়ই শতভাগ কমেছে। এর ফলে গত বছর আকুতে ইরানের মোট লেনদেন কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে। অথচ গত বছর এই লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি ডলার। অর্থাত্ আকুভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য একপ্রকার স্থবির হয়ে গেছে।