ইরি ও বোরো মৌসুমে ইউরিয়ার ঘাটতি হবে না
চলতি অর্থবছরের ২০ জানুয়ারি পর্যন্ত চাষি পর্যায়ে ১৪ লাখ ৩৬ হাজার ২৭৫ মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করা হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১২ লাখ ৪৩ হাজার ৮৩১ টন।
অন্যদিকে সরকারের কাছে এখন মজুত আছে সাত লাখ ৭৭ হাজার ৭৭৭ টন ইউরিয়া। ফলে চলতি ইরি-বোরো মৌসুমে দেশে ইউরিয়া সারের কোনো ঘাটতি হবে না।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ে গতকাল বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূইয়া, বিসিআইসির চেয়ারম্যান মনসুর আলী সিকদার উপস্থিত ছিলেন।
বিসিআইসির আওতাধীন কারখানাগুলোতে অপচয় ও অনিয়ম রোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।
আমির হোসেন আমু বৈঠকে জানান, বিসিআইসির বন্ধ কারখানাগুলো যৌথ মালিকানায় চালুর প্রস্তাব দিলে শিল্প মন্ত্রণালয় থেকে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হবে।