ইলন মাস্কের ওপর গোয়েন্দাগিরি বন্ধে ৫০ হাজার ডলার দাবি এক তরুণের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক
ছবি: রয়টার্স

নিত্যনতুন ব্যবসার উদ্যোগ আর বিনিয়োগের খবরে সব সময়ই আলোচনায় থাকেন ইলন মাস্ক। তবে এবার বিশ্বের এই শীর্ষ ধনীকে আলোচনার টেবিলে এনে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক তরুণ। টুইটারে ইলন মাস্কের ব্যক্তিগত চলাচলের ওপর নজরদারি করেন ওই তরুণ। সেই তথ্য আবার টুইটারে প্রকাশ করেন তরুণটি। এভাবে ব্যক্তিগত চলাচলের ওপর নজরদারি বন্ধ ও সেই তথ্য টুইটারে প্রকাশ না করার জন্য ওই তরুণকে পাঁচ হাজার ডলার দিতে চেয়েছিলেন ইলন। কিন্তু ইলনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো ৫০ হাজার ডলার দাবি করে বসলেন ১৯ বছর বয়সী সেই তরুণ। খবর সিএনএনের।

ফ্লোরিডার তরুণ জ্যাক সুইনি টুইটার বট প্রযুক্তি ব্যবহার করে ইলন মাস্কের ব্যক্তিগত জেট বা উড়োজাহাজ ট্র্যাক করে এমন একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। এর মাধ্যমে সুইনি ইলন মাস্কের প্রাইভেট জেটটির টেক অফ ও অবতরণের তথ্যসহ এর রিয়েল-টাইম অবস্থান টুইট করে জানিয়ে দেয়। ইলনজেট নামের ওই টুইটার আইডিটির ইতিমধ্যে দেড় লাখের মতো অনুসরণকারী বা অনুসারী তৈরি হয়েছে। শুধু মাস্কেই থেমে থাকেননি কলেজপড়ুয়া সেই তরুণ। বিল গেটস, জেফ বেজোসসহ প্রায় এক ডজন ব্যক্তির ভ্রমণকে অনুসরণ করবে, এমন বট অ্যাকাউন্ট তৈরি করেছেন তরুণটি।

টুইটার বট হলো একধরনের বট সফটওয়্যার, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো টুইটারের কার্যক্রম অনুসরণ করা যায়। এমনকি অন্য কোনো অ্যাকাউন্টে টুইট করা, রিটুইট করা কিংবা সরাসরি বার্তাও পাঠানো যায়।

বিষয়টি মাস্কের নজরে আসতেও খুব বেশি দেরি হয়নি। সিএনএন জানিয়েছে, টুইটারে এসব তথ্য প্রকাশে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে ভেবে মাস্ক প্রথমে ছেলেটির সঙ্গে কথা বলেন। গত নভেম্বরে তিনি প্রথমে ওই তরুণকে টুইটার আইডিটি মুছে ফেলার অনুরোধ জানান। কিন্তু সেই তরুণ মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এরপর আইডিটি মুছে ফেলার বিনিময়ে জ্যাক সুইনিকে পাঁচ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব করেন স্পেসএক্সের প্রধান নির্বাহী। কিন্তু তাতেও রাজি হননি সুইনি। আইডিটি মুছে ফেলার জন্য তিনি মাস্কের কাছে ৫০ হাজার মার্কিন ডলার দাবি করেন। সুইনি জানান, তিনি এই অর্থ কলেজের জন্য ব্যবহার করতে পারবেন। কিংবা একটি টেসলা মডেলের গাড়িও কিনতে পারবেন তিনি।

সুইনির এই উত্তর শুনে মাস্ক জানান, এটি (টুইটার আইডিটি) বন্ধ করার জন্য অর্থ প্রদান করা ঠিক মনে হচ্ছে না তাঁর কাছে। তবে সুইনি বলেছেন, এই কাজের জন্য তিনি যে পরিশ্রম করেছেন, তার জন্য পাঁচ হাজার ডলার যথেষ্ট নয়। স্পেসএক্সের ভক্ত সুইনির বাবা একটি বিমান সংস্থায় কাজ করেন। বাবার পেশা থেকেই বিমান চালনায় তাঁর আগ্রহ তৈরি হয়।

তবে অ্যাকাউন্ট ডিলিট করতে রাজি না হলেও ইলন মাস্ককে কিছু প্রযুক্তিগত পরামর্শ দেন সুইনি। তিনি মাস্ককে একটি ব্লকিং প্রোগ্রাম সম্পর্কে তথ্য দেন, যার মাধ্যমে ফ্লাইট ট্র্যাকিং প্রোগ্রামগুলো মোকাবিলা করা যায়। তাহলে কি সুইনি এখন আর মাস্ককে অনুসরণ করতে পারছেন না? এর উত্তরও দিয়েছেন এই চৌকস তরুণ। তিনি বলেন, ‘এখন একটু বেশি জটিল হয়ে গেছে প্রক্রিয়াটা, তবে আমি আছি এখনো।’