ইলিশ আমদানিতে শুল্কারোপ করেছে ভারত সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকার ইলিশ আমদানির ওপর আবার চার শতাংশ হারে আমদানিশুল্ক আরোপ করেছে। শনিবার এ-সংক্রান্ত নির্দেশ এসেছে বেনোপোল-পেট্রাপোলের ভারতীয় শুল্ক দপ্তরে। তবে এই নির্দেশে ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারকেরা। তাঁরা বলেছেন, এমনিতে তাঁদের বেশি মূল্য দিয়ে ইলিশ আমদানি করতে হচ্ছে বাংলাদেশ থেকে। তার ওপর এই শুল্ক আরোপে ইলিশ আমদানি বাধাগ্রস্ত হবে। হিলসা ফিশ ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস অবিলম্বে এই আমদানিশুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।এদিকে ২৭ মে জামাইষষ্ঠী। এই জামাইষষ্ঠীকে ঘিরে প্রতিবছর বাংলাদেশের ইলিশ আমদানি করা হয় কলকাতাসহ পশ্চিমবঙ্গে। এবার ২৪ মে প্রথম ইলিশ আমদানি করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এদিন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে প্রথম চালানে আসছে ১০ থেকে ১২ মেট্রিক টন ইলিশ। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা এদিন পেট্রাপোল সীমান্তে উপস্থিত থাকবেন। তাঁদের হাত দিয়ে এই মাছ পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করবে। তবে প্রথম চালানে আসছে হিমায়িত ইলিশ। অতুল দাস প্রথম আলোকে আরও বলেছেন, ‘আমরা চেষ্টা করছি জামাইষষ্ঠীর দিনে তাজা ইলিশ বাঙালিদের পাতে তুলে দিতে। ২৬ মে সেই হিসেবে আমদানি হতে পারে পদ্মার টাটকা ইলিশ।’ তিনি আরও বলেন, তাঁরা ৫০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ আমদানি করছেন প্রতি কেজি ছয় ডলার মূল্যে।