ইলিশ ছাড়া সব ধরনের মাছ রপ্তানির ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এখন থেকে ব্যবসায়ীরা আবার মাছ রপ্তানি করতে পারবেন। কিন্তু ইলিশ রপ্তানি করা যাবে না।বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় বলছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত রমজান মাসে বাজার তদারকিতে গঠিত বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সেল বাজারে মাছের সরবরাহ বাড়ানো এবং দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জরুরি ভিত্তিতে সব ধরনের কাঁচা মাছ রপ্তানি বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই চিংড়ি ছাড়া সব ধরনের মাছ রপ্তানি বন্ধ করে দেয় মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের জারি করা গতকালের আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়ীরা মাছ রপ্তানি করতে পারবেন। আগের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল বলে গণ্য হবে।রমজান মাসকে কেন্দ্র করে বাণিজ্য মন্ত্রণালয় মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সে কারণে ঈদের পর থেকেই রপ্তানিকারকেরা মাছ রপ্তানির অনুমতি পেতে মরিয়া হয়ে ওঠেন। মাছ রপ্তানিকারক কয়েকটি সংগঠন রপ্তানির অনুমতির সুপারিশ চেয়ে এফবিসিসিআইয়ের কাছে চিঠিও দেয়। তাতে উল্লেখ করা হয়, তাদের কাছে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ মজুদ আছে। এর পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ কাঁচা ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানির অনুমতি দেওয়ার সুপারিশ করে একটি চিঠিতে সই করেন।ওই চিঠি নিয়ে পরদিন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ মাছ রপ্তানিকারক কয়েকটি সংগঠনের নেতারা সচিবালয়ে বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বাণিজ্যসচিব তাঁদের অনুরোধে তাৎক্ষণিকভাবে সম্মত হননি। তবে ওই সভায় সিদ্ধান্ত হয়, ইলিশ ও মিঠাপানির মাছ রপ্তানি না করার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল, তা-ই বহাল থাকবে। তবে চিংড়ি ও সামুদ্রিক মাছ রপ্তানি করা যাবে। এরপর গতকাল ইলিশ ছাড়া সব মাছ রপ্তানির অনুমতি দিয়ে আদেশ জারি করা হলো।