বর্ষবরণের বাজার ধরতে হিমাগারে হাজার হাজার ইলিশ মজুত করা ব্যবসায়ীদের মন খারাপ। সাধারণ মানুষের মধ্যে এবার ইলিশ কেনার ঝোঁক কম। আর বড় বাজারের বড় ক্রেতা রাজনৈতিক নেতা, ঠিকাদার ও ব্যবসায়ীদের তদবিরের পণ্য তালিকা থেকেও ইলিশ বাদ পড়েছে! ফলে হিমাগারে যে বিপুল পরিমাণ ইলিশ মজুত করা হয়েছিল, তার জন্য পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না।
কারওয়ান বাজারের একজন বড় মাছ ব্যবসায়ী এবার নববর্ষ উপলক্ষে ৭০ লাখ টাকার ইলিশ হিমাগারে মজুত করেছিলেন। গতকাল বুধবার বিকেল পর্যন্ত তাঁর অর্ধেকের মতো ইলিশ বিক্রি হয়েছে। হাতে সময় মাত্র এক দিন, এর মধ্যে বাকি ইলিশ বিক্রি না হলে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
ওই ব্যবসায়ী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, তাঁর দোকানের বড় ক্রেতা রাজনৈতিক দলের নেতা, ঠিকাদার ও ব্যবসায়ীরা এবার আর আগের মতো ইলিশ কিনছেন না। কেন জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি ইলিশ খেতে নিষেধ করেছেন। এ কারণে কেউ নেতাদের বাসায় বা সরকারি কর্মকর্তাদের বাসায় ইলিশ পাঠাচ্ছেন না।
প্রতিবছর মার্চ ও এপ্রিল মাসে জাটকা রক্ষার জন্য ইলিশঘন নদীর ছয়টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকে। ফলে বাজারে ইলিশের সরবরাহ কমে যায়, দাম বৃদ্ধি পায়। ইলিশ রক্ষার জন্য অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নববর্ষ উপলক্ষে এই মাছটি কেনা থেকে বিরত থাকতে বলছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইলিশ না খাওয়ার পরামর্শ দিয়েছেন।
সকাল থেকে মাত্র দুটি ইলিশ বিক্রি হয়েছে উল্লেখ করে হাতিরপুল বাজারের মাছ ব্যবসায়ী ফারুক হোসেন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, সরকার ইলিশ খেতে নিষেধ করেছে। মানুষও এখন আর তেমন কিনছে না। তিনি এক কেজি ওজনের তাজা ইলিশের দাম চান প্রতিটি ১ হাজার ৬০০ টাকা করে। আর ৭০০ গ্রামের কাছাকাছি ওজনের ইলিশের দাম চেয়েছেন প্রতিটি ৬০০ টাকা।
কারওয়ান বাজারের ইলিশ ব্যবসায়ী মো. সুমন বলেন, এবার চাহিদা কম। এ ছাড়া প্রচুর ইলিশ মজুত করা হয়েছে। ফলে দামও সেভাবে বাড়েনি। তিনি বলেন, ‘এক কেজি ওজনের ইলিশ এখন ১ হাজার ৩০০ টাকা পেলেই বিক্রি করছি, যা মৌসুমের সময়ও খুচরা বাজারে ১ হাজার ২০০ ছিল।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকা বলছে, এখন বাজারে ইলিশের দর কেজিপ্রতি ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, যা গত বছর এ সময় ১ থেকে ১৫ হাজার টাকা ছিল। অবশ্য টিসিবি বলছে, এক মাসে মাছটির দাম প্রায় ১৯ শতাংশ বেড়েছে।